যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ওপর আস্থা নেই: ইরান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৯, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ওপর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বার্তায় তিনি এ কথা জানান।
বার্তায় গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই। যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “কাগজে-কলমে হওয়া যুদ্ধবিরতি মাঠপর্যায়ে বারবার ভঙ্গ হওয়ায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরান শুধু যুদ্ধ বা শুধু আলোচনার পথ বেছে নেবে না।”
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, “আমরা শুধু যুদ্ধ করব না, আবার শুধু আলোচনাও করব না; আমরা আমাদের সময়মতো লড়ব এবং আমাদের সময়মতো আলোচনা করব।”
তিনি আরও বলেন, “ইরানের লক্ষ্য যুদ্ধের অবসান এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তবে প্রতিপক্ষের প্রতি তেহরানের কোনো আস্থা নেই।”
গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের চাপকে ইরান প্রতিপক্ষের জন্য কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে চায়।”
তিনি আরও বলেন, “ইরান পরিস্থিতি অনুযায়ী একদিকে প্রতিরোধ চালিয়ে যাবে, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রাখবে। তবে বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া শুধু কূটনীতির ওপর নির্ভর করা সম্ভব নয়।” সূত্র: সামা টিভি























