সংঘাত এখনও শেষ হয়নি: নেতানিয়াহু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৯, ২০২৬
ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “তেহরান ভবিষ্যতে আবারও হামলা চালালে তার জবাবে পালটা হামলা করবে তেল আবিব। ইরান ও ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এখন আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। তবে তাদের সঙ্গে চলমান সংঘাত এখনও শেষ হয়নি। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সোমবার সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইজরায়েল। নেতানিয়াহু বলেন, “সংঘাত এখন নিয়ন্ত্রণে।” এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।
একই দিনে তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইজরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বিবৃতিতে এ কথা জানিয়েছিল। দুই মাস পর ইজরায়েল ও ইরানের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। সোমবার সকালেও তাদের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত ছিল।
ট্রাম্প ট্রুথ সোশালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনের প্রচেষ্টা নিয়েছিলেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, “ইরান ও ইজরায়েল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।”























