টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৪, ২০২৬

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি শ্রমিকদের লাঠিপেটা করে।

শ্রমিক অসন্তোষের কারণে টঙ্গীর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। প্রায় ১ ঘণ্টা ধরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে।

শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে দুপুরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে: অনন্ত ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন লাইট অ্যাপারেলস লিমিটেড, হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো ও মাসি স্টিচসহ কয়েকটি কারখানা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বর্তমানে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টঙ্গী অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”