হরমুজ পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে পারাপার করতে ঢাকাকে তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রহিমি বলেন, “হরমুজে তেহরানের নির্দেশনা মেনেই জাহাজ চালাতে হবে। ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশই এই কৌশলগত নৌপথ দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন করতে পারবে না। হরমুজ পার হতে অবশ্যই ইরানের বেঁধে দেওয়া নির্দেশনা মানতে হবে।”

বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন। কোনো বাংলাদেশি জাহাজ প্রণালি পার হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “গোপনীয় এই তথ্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই আছে।”

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তিনি বলেন, “ইরান, কাতার ও ওমানের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং আর কোনো হামলা না করার নিশ্চয়তা এর প্রধান শর্ত।”

জলিল রহিমি আরও বলেন, “রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদের সমর্থন করবে।”

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, “যে-কোনো সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে।”

রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে সমান জবাব দেওয়া হবে।”