ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৭, ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার (২০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র নিরাপদে বসবাসের সুযোগও দেওয়া হবে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। এসব তথ্যের মধ্যে রয়েছে: ইরানের পরমাণু স্থাপনা, সরঞ্জাম এবং এ কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য। বিশেষ করে ইরানের পরমাণুবিজ্ঞানী ও বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চেয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে ইরানের ব্যর্থতার কারণে দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে সংস্থাটির তথ্যের ধারাবাহিকতা নষ্ট হয়েছে।

বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামের উৎপাদন ও মজুত সম্পর্কে আইএইএর কাছে আগের মতো নির্ভরযোগ্য তথ্য নেই বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে ঠিক কী ধরনের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো শর্ত বা মানদণ্ড প্রকাশ করেনি ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এমন পরিস্থিতিতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে তথ্য সংগ্রহে পুরস্কার ঘোষণাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সূত্র: দ্য ডন