কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৮তম জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৬

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে তার জন্ম। বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ।

লেখকের জন্মদিন উপলক্ষে তার জন্মভূমি নেত্রকোনায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘হিমু উৎসব’। এ আয়োজনে হলুদ পাঞ্জাবি পরে ছেলেরা হিমু এবং নীল শাড়িতে মেয়েরা রূপা সেজে অংশ নেবে। থাকছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও আড্ডাসহ নানা আয়োজন।

প্রায় এক যুগ ধরে হুমায়ূন আহমেদের জন্মদিনে এ উৎসবের আয়োজন করে আসছে সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা। এবারের অনুষ্ঠানেও লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন বয়সী ভক্তদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় লেখকের বিভিন্ন শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর সকাল ১১টায় হিমু ও রূপা সেজে অংশগ্রহণকারীরা শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের সাতপাই নদীর পাড়সংলগ্ন চক্ষু হাসপাতাল এলাকা থেকে যাত্রা শুরু করে। প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে এটি মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি লেখক, কবি, সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেয়। পরে সেখানে কেক কেটে লেখকের জন্মদিন উদ্‌যাপন করা হয়।

উৎসবের শেষ পর্বে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছে ‘গানে ও আড্ডায়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবন নিয়ে আলোচনা করবেন লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও তাঁর ভক্তরা। পাশাপাশি তাঁর নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ করা হবে এই কথাসাহিত্যিককে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা থেকে সেখানে বাবার নামে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। জন্মের পর মায়ের প্রথম সন্তান হিসেবে তাকে ঘিরে পরিবারেও ছিল বিশেষ আয়োজন। তার নানা মামার বাড়িতে এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। এমনকি জন্মঘরে তার নামফলকও স্থাপন করা হয়েছিল।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। তার জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথন আয়োজন করে আসছে হিমু পাঠক আড্ডা। প্রতিবছর এসব আয়োজন ঘিরে নেত্রকোনা শহরে লেখক, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা বসে।