কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১০, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা কাজলী সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে সোমবার সন্ধ্যার দিকে আগুন দিয়েছে দুবৃত্তরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদরের সজল নামের এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল।
এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা তা নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
























