জাহিদ সোহাগের গল্প ‘আধ ঘণ্টা পর’

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৬

সেমন্তী আমার বৈবাহিক দিনগুলি সম্পর্কে জানতে চাচ্ছিল। সবাই যেমনটা বলে, আমিও স্ত্রীর প্রশংসা করার মতো কিছু খুঁজে পেলাম না।

আমরা অন্ধকার সমুদ্র সামনে নিয়ে বালুতে বসেছিলাম। বাতাসে মাথা ভারী হয়ে আসছিল। দু-একবার নাকও টানলাম। কফিওয়ালা ঢুকে পড়লো আমাদের মধ্যে। আমরা কফি নিলাম।

আমি বললাম—বিয়ের পর থেকে টানা অসুস্থতা, হসপিটাল আর বাসা, আর ইনসমনিয়া রোগীর সঙ্গে ঘুমানো। যে প্রায় দেড় ঘণ্টা পর পর উঠে পানি খায় আর বাথরুমে যায়। বাতি জ্বালে না, কিন্তু কমোডের ফ্ল্যাশের শব্দে, গেলাস রাখার শব্দে ঘুম ভেঙে যায়। কখনও গল্প করতে চায়। উঠে গল্প করি, কফি বানাই। বারান্দায় বসে বসে মশার কামড় খাই।

আমি কেবল ইন্টার্ন শেষ করে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে ঢুকেছি। সবাই আমাকে মেপে নিচ্ছে আমি কাজ বুঝি কিনা। সেমন্তী একটু খোঁচা দিল, সে এইসব শুনতে চায় না।

আমি বললাম, এটা এক বাক্যের উত্তর, সেক্স করার আগে আমার স্ত্রী ভল্টারিন সাপোজিটরি নেবে, নাকি সেক্স করার পরে নেবে এটা ঠিক করে নিয়ে আমরা সেক্স করি।

ওইদিকে দুটি সার্জারির পর ওদিকে যাওয়ার রাস্তাও বন্ধ।
‘আহা বেচারি!’ সেমন্তী উচ্চারণ করল।

আমি বললাম, ও খুব হাইপার। সবসময় রেগেটেগে বুম। সামান্যেই বাসা থেকে বের হয়ে যায়, বা আমাকে বের করে দেয়। চানাচুর কিনতে গেলেও চানাচুরওয়ালার সাথে সিনক্রিয়েট করে।
এখন বলো আমি কেমন আছি? আমার উত্তর হলো, আমি ভালো আছি। সুখে আছি।

‘বাতাসে তোমার ব্যথা আরও বাড়বে।’ আমাকে বারবার কপাল ঘষতে দেখে সেমন্তী বলল, ‘চলো হোটেলে যাই।’
আমরা বালুর মধ্যে হাঁটতে শুরু করলাম।
‘নিজেকে দায়ী মনে হচ্ছে।’ সেমন্তী আমার আঙুল নিজের আঙুলের মধ্যে নিয়ে বলল।
আমি বললাম, ‘কেন?’
ও দীর্ঘশ্বাস ছাড়ল, উত্তর দিল না।

খানিকটা হাঁটার পর দেখলাম, জোয়ারের পানিতে ছোট খালের মতো তৈরি হয়েছে। সেখানে পায়ের পাতা ভিজে যাওয়ার মতো পানি তখনও ছিল। আমরা কাপড় গুটিয়ে স্যান্ডেল হাতে নিলাম।

‘সাবধানে! পড়ে না গেলেও পা কাটতে পারে।’
সেমন্তী স্যান্ডেল পরে নিয়ে বলল, ‘তাহলে স্যান্ডেল ভিজুক।’
আমি পা কাটার সম্ভাবনার দিকে থাকলাম।

বাতাসে মাছ ভাজার ঘ্রাণ আর পর্যটকদের হুল্লোড়। আমরা হেঁটে হেঁটে লাবনী পয়েন্টে এসে রিকশা নিলাম। হোটেল মেরিনের লনে রিকশা থামলে আমি ওকে বিদায় জানালাম।
‘তুমি চাইলে আসতে পারো।’ ও বলল।

আমি ভাড়া মিটিয়ে ওকে অনুসরণ করলাম। লিফটের মধ্যেও কথা বললাম না। ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাথরোব পরল। আমি শুধু হাতমুখ ধুয়ে নিলাম।
‘আমার ওপর ঘৃণা হয়?’ মনে হলো উত্তরের আশা করছে না, ‘আমাকে মেরে ফেলতে ইচ্ছে করে?’
আমি হাসলাম।

ইন্টারকমে খাবার অর্ডার করছিল, সবটাই মাংস আর রুটি। আমি ফোনের মাঝখানে বাধা দিয়ে বললাম, ‘আমাকে খাওয়াতে চাইলে আমার জন্য মাংস নিয়ো না, সবজি ও ডাল নাও।’
ও আমার কথা শুনল না।
টুসির ভিডিয়ো কল বাজছে। আমি মিউট করার চেষ্টা করলাম। আবার ভিডিয়ো কল। সেমন্তী বলল, ‘ধরো।’
‘না ধরব না। ও রুম বাথরুম সব দেখতে চাইবে। তারচেয়ে পরে ব্যাক করে গালাগালি শোনা অনেক ভালো।’

সেমন্তী ফোন টিপছিল। মনে হচ্ছে আমাদের কথা ফুরিয়ে গেছে। আমিই বা কী বলব। আমি অতীতের কোনো প্রসঙ্গ তুলতে চাই না। যদিও অতীত ছাড়া আমাদের বলার তো কিছু নাই। অতীতে ঘটে যাওয়া ভুলত্রুটি নিয়ে ঝগড়াঝাটিও শেষ।
‘সমুদ্রের পাড়ে থাকতে ভালো লাগে? আমার কিন্তু সমুদ্রপ্রেম একটুও কমেনি।’ সেমন্তী বলল।
আমি বললাম, ‘এই তিন মাস হতে চলল, আজ নিয়ে দু-দিন এসেছি।’
‘প্রথম দিন কি একা? নাকি কলিগদের সঙ্গে?’
‘না, টুসি এসেছিল আমার সঙ্গে। এখানে একসাথে থাকা যাবে কিনা পরিস্থিতি দেখতে।’
‘কয়দিন ছিল?’
‘দুইদিন। হোটেলে থাকতে হয়েছিল।’

এরই মধ্যে খাবার চলে এলো। আমরা পাশাপাশি বসে টি-টেবিলে খাবার নিয়ে বসলাম। সেমন্তী আমার প্লেটে তুলে দেওয়ার আগে আমিই ওর প্লেটে খাবার তুলে দিলাম।
‘তুমি আমার গেস্ট, তোমাকে সার্ভ করা উচিত।’ ও এক টুকরো কাবাব মুখে নিল।
‘তুমি রান্না করেছ, আমি সার্ভ করছি, এমন ভাবতে পারো।’ আমি ওর গ্লাসে কোক ঢেলে দিলাম। আমি সাদা পানি নিলাম।
‘মনে আছে আমরা বড় বড় পাঙ্গাশ কিনে খেতাম?’
‘তখন মানুষ পাঙ্গাশ খাওয়া শেখেনি। আমার ভালো লাগত, হালকা ভেজে টমেটো দিয়ে রান্না করলে বেশ মজা হয়।’
‘তখন পাঙ্গাশের কেজি কত ছিল মনে আছে?’
‘না, তুমিই কিনতে। আমার মনে পড়ে না। এখন আড়াইশ টাকা এটা বলতে পারি।’
‘টুসি পছন্দ করে?’
‘করে। তবে বেশিরভাগটা আমিই খাই।’
‘ওর রান্না কেমন?’

‘কম মশলা দিয়ে রাঁধে, একটু পানসে ধরনের। তবে এখন আমার খুব ভালো লাগে। মেসের খাবার খেয়ে খেয়ে টুসির রান্না অমৃতই মনে হয়।’
‘তুমি?’
‘হ্যাঁ, রাঁধি তো। তবে সময় পাই না।’
‘গামছা পরে?’
‘আরে নাহ্, বাসায় গামছাই নাই। টুসি গামছা পছন্দ করে না।’
‘তোমার গামছাও কেড়ে নিলো?’
‘বরং বলো, তোমাকে তোয়ালে পরিয়ে দিলো। ওর মধ্যে একটু আভিজাত্যবোধ আছে। তবে…’
‘তবে?’
‘না, তবে বলে কিছু নাই।’

খাবার বেশির ভাগই রয়ে গেল। আমি আগে অনেক খেতে পারতাম, সেই হিসেবেই সেমন্তী অর্ডার করেছিল বোধহয়। ও কিছু খাবার প্যাকেটে গুছিয়ে বলল, ‘তোমার আপত্তি না থাকলে নিয়ে যেতে পারো।’ আমি কোনো সাড়া দিলাম না।
সেমন্তী ভেপ নিতে শুরু করল। ঘ্রাণটা বুনো বুনো। আমি বললাম, ‘ঘ্রাণ ঠিক চেনা চেনা, কিন্তু চিনতে পারছি না। মনে হচ্ছে চেরি…।’
‘হ্যাঁ, চেরি তবে, বুনো চেরি। ওয়াইল্ড চেরি।’
‘চেরিকে আবার ওয়াইল্ড হতে হলো কেন? এগুলো জাস্ট বিজ্ঞাপন।’
ও লম্বা ধোঁয়া ছেড়ে বলল, ‘হতে পারে। তোমার কাছে সিগারেট আছে?’
‘অনেকদিন খাই না। ভালো লাগে না।’
‘মদও না?’
‘না।’
‘তাহলে খাও কী?’
‘সেটা আমিও ঠিক নিশ্চিত করে বলতে পারব না।’ বলে হাসলাম।

সেমন্তী ধবধবে সাদা বিছানায় গিয়ে পা কম্বলে ঢুকিয়ে আধশোয়া হলো। তার আগে কয়েকটি বাতি নিভিয়ে আলোছায়া করল।
‘তুমি চাইলে এখানে আসতে পারো।’
আমি চেয়ার টেনে বিছানার পাশে বসলাম। ও কম্বলের নিচে পুরোটা ঢুকে বাথরোব খুলে চেয়ারের পেছনে রাখতে বলল। আমি রাখলাম।
‘আমি সেপারেশনে আছি তা জানো?’
‘না।’
‘এর আগেও একটা বিয়ে করেছিলাম।’
‘জানি না।’
‘আমার কোনো খবরই রাখোনি?’
‘না।’
‘কেন?’
‘প্রথম প্রথম খুব স্বপ্নে দেখতাম। মনে হতো স্বপ্নে দেখাই ভালো।’
‘তুমি সবটা শুনতে চাও? ঘৃণা করার মতো আর কী কী করেছি?’

আমি ওর ভেপার থেকে ভেপিং নিচ্ছিলাম। বহুদিন পর রক্ত নিকোটিন পেয়ে জেগে উঠলো। ও আমার ডান হাত মুঠোয় নিয়ে গালে ছোঁয়াল, কয়েক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল তাতে। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তারপর আমার হাত কম্বলের নিচে টেনে নিয়ে বুকের উপর চেপে রাখল। নগ্ন স্তন। কান্নার রেশটুকু মিলিয়ে যাওয়ার আগে বুকের ভেতর মৃদু কম্পন চলছে। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ‘আমার ওঠা উচিত। কাল অনেক কাজ আছে।’
‘তুমি একটা রাতও থাকতে পারবে না? সব কি শেষ হয়ে গেছে?’
‘দ্যাখো, এর কোনো উত্তর হয় না। তাছাড়া…’
‘আমাকে ঘৃণা করো?’

‘এখন ঘৃণার কাছে আমি আর নেই। আমার রুমে ফিরে যেতে হবে। টুসি ভিডিয়ো কল অন করে খাবে। ওষুধপত্র খাবে, তারপর শুতে যাবে। ওকে আমার সময় দিতে হবে।’
‘ওকে ভালোবাসো?’
‘বাসিই তো। ও আমাকে যেমন করে চায়, নিজেকে তেমন করেই তো দিচ্ছি।’
‘আর কিছুক্ষণ থাকতে পারো?’ আমি ফোন বের করে সময় দেখলাম, ‘খুব বেশি নয়, আধ ঘণ্টা পর টুসির সঙ্গে সংযুক্ত হতে হবে।’

সেমন্তী নীরব রইল। আমি যেন সেকেন্ড গণনা করতে বসেছি। ও কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠল। পানি খেয়ে শর্টস ও টিশার্ট পরল। তারপর খাটে পা দুলিয়ে বসল।
‘তোমাকে শাস্তি দিচ্ছি?’
‘এভাবে ভাবছ কেন? কত বছর পর দেখা। তোমাকে কত খুঁজেছি।’
‘খুঁজে পেলে কী করতে?’
‘খুঁজে পাব না জেনেই খুঁজেছি হয়ত।’
‘তুমি তো খুব অ্যাক্টিভ ছিলে, সেক্স না করে থাকো কীভাবে?’
‘প্রথম প্রথম খুব কষ্ট হতো। একদিন মর্নিং ইরেকশনের প্রচণ্ড মুহূর্তে তালা দিয়ে থেঁতলে দিয়েছিলাম।’
সেমন্তী আঁতকে উঠল, ‘ইশ! তারপর?’
‘ডাক্তারের কাছে গিয়েছিলাম। সপ্তাহ দুয়েক খুব ভুগতে হয়েছিল।’
‘টুসি জানতো?’
‘না।’
সেমন্তী হেসে বলল, ‘তা তালাপেটা খেয়ে কি ওটা শান্ত এখন?’
‘সাড়া দিলাম না, এজন্য বলছ?’
‘হ্যাঁ ও না দুইই।’
‘না, ওর বিষদাঁত ভাঙেনি, ছোবল দিচ্ছেই।’
আমি আবার ফোনে সময় দেখলাম। চেয়ার ছেড়ে দাঁড়ালাম। ‘চলি তাহলে।’

সেমন্তী দরজার দিকে পিঠ দিয়ে আমার চোখে চোখ রাখল। গভীর। আমি সেই গভীরতা পাশ কাটিয়ে ছিটকিনি খুলে করিডোরে পা রাখলাম।
পেছনে দরজা বন্ধ করার শব্দ।