ভারতের শেয়ারবাজারে ধস, ২ ঘণ্টায় উধাও দেড় লাখ কোটি টাকা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৬
ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনে ২ ঘণ্টায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য কমেছে প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে বৃহস্পতিবার বাজারে এই অস্থিরতা দেখা দেয়।
দিনের লেনদেনের একপর্যায়ে ভারতের প্রধান শেয়ারবাজার সূচক সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে নিফটি সূচক নেমে আসে ২৩ হাজার ৯৫০ পয়েন্টের নিচে। সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে তথ্যপ্রযুক্তি খাত। এ খাতের সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়।
বাজারের তথ্য অনুযায়ী, ভারতীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার ৬০৮ কোটি ৯ লাখ ৮ হাজার রুপি থেকে কমে ৪ লাখ ৭৬ হাজার ৩৮৯ কোটি ৬৩ লাখ রুপিতে নেমে আসে। বাংলাদেশি মুদ্রায় এই পতনের পরিমাণ প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা।
তথ্যপ্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন বাজারকে আরও চাপে ফেলে। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক এবং এমফ্যাসিসের শেয়ারের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমে যায়।
বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক পূর্বাভাস। প্রতিষ্ঠানটি ২০২৬ অর্থবছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৫ শতাংশের পরিবর্তে ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আয় নিয়েও প্রত্যাশার চেয়ে দুর্বল পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাকসেঞ্চারের এই ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব পড়ে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে। কারণ, দেশটির বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি বাজারনির্ভর।
বাজারে চাপ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও। বৃহস্পতিবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ৩৭৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। এর আগে টানা তিন কার্যদিবস তারা ভারতীয় শেয়ারবাজারে নিট ক্রেতা ছিলেন।
সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে বাজারে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। আগের ৫ কার্যদিবসে সেনসেক্স প্রায় ৫ শতাংশ এবং নিফটি ৪ শতাংশের বেশি বেড়েছিল। ফলে সাম্প্রতিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দরপতনের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ করে কমেছে। একই সময়ে ভারতের বাজারে অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিআইএক্স প্রায় ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩-এ পৌঁছায়। জাতীয় শেয়ারবাজারের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের দাম কমেছে।
























