মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৬
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) মহাসড়কের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল।
এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) পেছন থেকে ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হয়।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকা পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে গিয়ে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গন্তব্যে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
























