মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৬

মিশরে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ভারী ক্রেন মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো রেলব্যবস্থার একটি মিশরের। দেশটিতে এর আগেও বেশ কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

২০১৯ সালে কায়রোর প্রধান রামসেস রেলস্টেশনে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে আগুন ধরে ২৫ জন নিহত হয়। এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়। সূত্র: সিএনএন