ইন্দোনেশিয়ায় সরকারের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৬

ইন্দোনেশিয়ায় দুর্বল অর্থনীতি, শেয়ারবাজারের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে তরুণ ও শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন স্থানে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছে জেন-জি প্রজন্মের তরুণরা।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো বলেন, “অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে। এজন্য প্রায় ৯ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।”

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা সাম্প্রতিক বনাঞ্চলের আগুন, শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার দরপতনকে বিক্ষোভের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে। তাদের মতে, শেয়ার বাজারের এই ধস এবং ইন্দোনেশীয় রুপিয়ার মান কমে যাওয়া-উভয়ই জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার লক্ষণ।

বিক্ষোভে কতজন অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন প্রাবোও সুবিয়ান্তো। তার সরকারের বিভিন্ন ব্যয়বহুল কর্মসূচি, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের আস্থা নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

দেশটির প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়েও চাপ তৈরি হয়েছে। ২০২৪ সালের ২০ অক্টোবর প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী মহল এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

স্থানীয় জরিপ সংস্থা সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের এক জরিপে বলা হয়েছে, সুবিয়ান্তোর প্রতি জনসমর্থন গত বছরের নভেম্বরের ৮১ দশমিক ২ শতাংশ থেকে চলতি মাসে কমে ৪৪ দশমিক ৫ শতাংশে নেমেছে।

এর আগে চলতি বছরের আগস্ট মাসেও আইনপ্রণেতাদের আবাসন ভাতা, জীবনযাত্রার ব্যয় ও পুলিশি আচরণের প্রতিবাদে দেশজুড়ে বড় আন্দোলন শুরু হয়। একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। সে সময় কয়েকশ মানুষকে আটক করা হয়েছিল। সূত্র: রয়টার্স