এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পুনর্গঠন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এতে যুক্ত হয়েছে নতুন কয়েকজন।

পর্ষদে যুক্ত করা হয়েছে সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতুকে। সবমিলিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা ১৬।

আজ শুক্রবার সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন পর্ষদের বার্তা শেয়ার করা হয়েছে।

পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া পর্ষদে রাখা হয়েছে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আরও রাখা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাতকে।

জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য সংখ্যা শুরুতে ছিল ১০। পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিলে আরও দুজনকে যুক্ত করা হয়।