ওয়েবসাইট থেকে এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছে, শুক্রবার প্রকাশিত নথিতে তথ্যের গোপনীয়তা রক্ষায় ত্রুটি থাকায় প্রায় ১০০ ভুক্তভোগীর জীবন বিপর্যস্ত হয়ে গেছে। ওই নথিতে ই-মেইল ঠিকানা ও নগ্ন ছবি ছিল। যার মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব।

বিবৃতিতে ভুক্তভোগীরা এই ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে বলেছেন, তাদের নাম প্রকাশ, যাচাই-বাছাই বা পুনরায় ট্রমার শিকার করা উচিত নয়। ডিওজে বলছে, যেসব নথির বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার একজন ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া চিঠিতে ডিওজে জানায়, রোববার সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী বা তাদের আইনজীবীদের অনুরোধ করা সব নথি আরও ভালোভাবে রিড্যাকশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। নতুন অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।

কংগ্রেসের উভয় কক্ষ একটি প্রস্তাব অনুমোদনের মাধ্যমে মার্কিন বিচার বিভাগকে এই নথিগুলো প্রকাশে বাধ্য করেছিল। সেই নির্দেশনা অনুযায়ী, সরকারকে ভুক্তভোগীদের শনাক্ত করা যায়— এমন সব তথ্য গোপন করার বাধ্যবাধকতা ছিল।

মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, “নতুন যেসব তথ্য সামনে এসেছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া কঠিন। কারণ ডিওজে যেভাবে ভুক্তভোগীদের প্রকাশ করেছে, তাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা ভয়াবহ।”

আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস বলেন, “ডিওজে আমাদের ৩টি শর্তই লঙ্ঘন করেছে। প্রথমত, অনেক নথি এখনও প্রকাশ করা হয়নি। দ্বিতীয়ত, প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে। তৃতীয়ত, সংস্থাটি অনেক ভুক্তভোগীর নাম প্রকাশ করেছে। আমাদের মনে হচ্ছে, তারা আমাদের সঙ্গে এক ধরনের খেলা খেলছে।”

নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড বলেন, “কিছু ক্ষেত্রে নামের ওপর দাগ টানা আছে। কিন্তু তারপরও নাম স্পষ্টভাবে পড়া যাচ্ছে। আবার কোথাও ভুক্তভোগীদের ছবি প্রকাশ করা হয়েছে— যারা কখনো প্রকাশ্যে সাক্ষাৎকার দেননি, কখনো নিজেদের নাম জানাননি।”

মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যম সিবিএসকে বলেন, “ভুক্তভোগীদের সুরক্ষাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং নিরপরাধদের রক্ষা করতে প্রকাশিত লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার হাজার ভুক্তভোগীর নাম গোপন করেছি।”

গত বছর একটি আইনের মাধ্যমে নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে ডিওজে এপস্টেইন সংক্রান্ত লক্ষ লক্ষ ফাইল প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি ও  ২ হাজার ভিডিও। শুধু শুক্রবারই এই বিশাল অংশ প্রকাশ করা হয়। সূত্র: বিবিসি