কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৭, ২০২৬

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লেগে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় আগুন পুরোপুরি নেভানোর পর এ কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

রিসোর্টের ভেতর থেকে নারী ও শিশুসহ ১০ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন: নিহতরা হলেন: ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

আহতরা ছয়জন হলেন: মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, “আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ, তাদের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অপরজন পড়ে গিয়ে আহত, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধ পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

উখিয়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার বলেন, “আজ সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে।”

কক্সবাজার শহরের প্রবেশদুয়ার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটারের। আগুনের একপর্যায়ে বাঁশ-কাঠের রিসোর্টটিতে ভস্মীভূত হয়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টায় বলেন, “রিসোর্টটির ৩টি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনা পুড়ে গেছে।”