কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬

আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর।

হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি বলেন, “শনিবার আশা ভোসলের হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল।”

শনিবার আশার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

উল্লেখ্য, আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।

সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ ও ‘পদ্মবিভূষণ’সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।