ধামরাইয়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৬, ২০২৬
ঢাকার ধামরাইয়ে গ্যারেজে রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসটিতে কোনো যাত্রী বা সংশ্লিষ্ট ব্যক্তি না থাকায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, আগুনে বাসটির বিভিন্ন অংশ ও মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৪ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল। শুক্রবার ভোররাতে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের মো. আলামিন খান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, “বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।”
























