মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশির

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৬, ২০২৬

মরিশাসের প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে বুধবার বিকেলে কাচের প্যানেলভর্তি বাক্সের নিচে চাপা পড়ে বাংলাদেশি ৩ শ্রমিক নিহত হয়েছে। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত শ্রমিকরা হলেন: মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন তারা। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।