পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১২, ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ১৮ সন্ত্রাসী নিহত হয়।
বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশ দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী।
পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে স্থানীয় অপরাধী চক্রের যোগসাজশ ছিল। সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ সন্ত্রাসী নিহত হয়। তবে এই সংঘর্ষে খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্য প্রাণ হারায়।
এ ঘটনায় জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা উদ্বেগজনকভাবে বেড়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে ২২৫টি জঙ্গি হামলা হয়, যা ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস আগস্টে এই সংখ্যা ছিল ১৯৯।
পাকিস্তানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে এসব হামলা চালাচ্ছে। তবে এই বিষয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
























