ফ্রান্সে আবারও বিক্ষোভ, আটক প্রায় ১০০০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৬

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় প্রায় ১ হাজার মানুষকে আটক করেছে পুলিশ। শনিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ এ তথ্য জানান।

নুনিয়েজ বলেন, “বিভিন্ন শহরে মূল বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে উগ্র বামপন্থিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছোড়ে। পুলিশের ওপর অত্যন্ত উচ্চমাত্রার সহিংসতা চালানো হয়েছে।”

তুলুজ ও ক্লেরমন্ট-ফেরান্দ শহরে সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। তুলুজে ২০ বছর বয়সী এক যুবকের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “গত সপ্তাহের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আগের সপ্তাহে প্রায় ২ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছিল। সে সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট হয়। এবার শপিং সেন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে।”

রাজধানী প্যারিসে মূল পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে প্রায় ৫০০ জন চিহ্নিত দাঙ্গাকারীসহ কয়েক হাজার উগ্রপন্থি কর্মী জড়ো হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে।

কান ও মন্তপেলিয়ে শহরে প্রথমবারের মতো উগ্র ডানপন্থি কর্মীরাও রাস্তায় নামে। ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার কথা বলে তারা বিক্ষোভে অংশ নেয়। কোথাও কোথাও উগ্র বামপন্থিদের সঙ্গে তাদের সংঘাতের চেষ্টার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।