বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাশাপাশি কোনো সংগঠনের নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশ থেকে ভারতে বা ভারত থেকে দেশে ঢুকতে না পারে, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। বেনাপোল ও আশপাশের সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বাহিনীর দলগুলো।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, “সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যে-কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যে-কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহায়তা চেয়ে বিজিবি অধিনায়ক বলেন, “কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় মানুষের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।”