টঙ্গীতে মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি, গ্রেফতার ১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মহানবি (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী পলাশ পিউরিফিকেশনকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় একটি চায়ের দোকানে পলাশ পিউরিফিকেশন মহানবি (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর জেরে রোববার রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়।

সালিশ চলাকালে কয়েকশো মানুষ সেখানে জড়ো হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম বলেন, “তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সোমবার মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।”