হুথির হামলায় সৌদির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৬
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল এবং এটি ইয়েমেন সীমান্তের কাছে নাজরান এলাকায় বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার পুনরুদ্ধারে গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ‘হামলায় হেলিকপ্টারটিতে থাকা ২ ক্রু সদস্য নিহত হয়েছে।”
তিনি আরও বলেন, “একটি কারিগরি ত্রুটির কারণে ‘এএইচ-৬আই’ মডেলের গোয়েন্দা হেলিকপ্টারটি ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি মিলিটারি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
শনিবার রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে ইয়াহিয়া বলেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।” সূত্র: আরব নিউজ ও আনাদোলু
























