৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২০, ২০২৬
৭২ দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দেওয়া লিখিত জবাবে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশের কারাগারে বন্দি পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশটির কারাগারে বন্দি আছে ৫ হাজার ২৯৭ পাকিস্তানি নাগরিক।
এরপরই রয়েছে সৌদি আরব। দেশটির কারাগারে বন্দি রয়েছে ৪ হাজার ৭৭৫ পাকিস্তানি। ভারতে বন্দি পাকিস্তানি নাগরিকের সংখ্যা ৭৩৮।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে বন্দি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে: প্রতারণা, মাদক পাচার, যৌন নিপীড়ন, জাল ভিসা বা নথি ব্যবহার, হত্যা এবং অন্যান্য অপরাধ।
সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এক সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে এসব তথ্য প্রকাশ করা হয়।
























