গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরোধ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৪, ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে কারখানার ভেতরে তারা বিক্ষোভ করে।
পরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে। বর্তমানে ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
























