তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায়  তুরস্কের মালাতিয়া প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনাসদস্য নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।