দার্শনিক নিৎশে পুনঃপাঠ

আবু সাঈদ ওবায়দুল্লাহ

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৬

জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিৎশে ইউরোপীয় সভ্যতার নির্মম সমালোচক। তিনি এমন এক সভ্যতার বিরুদ্ধে সমালোচনার কলম ধরছিলেন যে সভ্যতা, আত্মগরিমায় নিজেই নিজের উপাস্য হয়ে উঠছিল। তাই নিৎশেকে বুঝতে হইলে তার বই পড়াই যথেষ্ট নয়, তার পেছনের ইউরোপকেও কিছুটা জানতে হইবো, পড়তে হইবো। নিৎশে আসলে প্লেটোর মেটাফিজিকল আইডিয়ালিজম, রোমান সাম্রাজ্য, খ্রিস্টীয় ধর্মতত্ত্ব, রেনেসাঁ, আলোকায়ন, বৈজ্ঞানিক বিপ্লব, শিল্পায়ন—এই দীর্ঘ বৌদ্ধিক ইতিহাসের ভেতর নিজেকে হাজির করছিলেন। তিনি তেমন কোনো নতুন দর্শন প্রতিষ্ঠা করে নাই, বরং পশ্চিমা সভ্যতার সবচেয়ে গভীর বিশ্বাসগুলির বিরুদ্ধে এক প্রজন্মগত বিদ্রোহ শুরু করছিলেন। এইখানে জিনিয়ালোজি মানে কোনো পরিবারের বংশ তালিকা বার করা না, বরং ইতিহাস জুইড়া ইউরোপের সমাজের প্রচলিত নানা ধারণা, মূল্যবোধ, নৈতিকতা ও নিয়মকানুন কীভাবে তৈরি হইছিল তার আসল শিকড় খুঁইজা বার করার জন্য তিনি বিদ্রোহ করছিলেন (নিৎশের এই ধরণের বুদ্ধিবৃত্তিক ঝোঁক পরে মিশেল ফুকোর ওপরও ভর করছিলো)।

নিৎশে যেহেতু দর্শনের ছাত্র ছিলেন, তাই তিনি পশ্চিমা দার্শনিক ঐতিহ্যকেই প্রশ্ন কইরা তার আগমন বার্তা ঘোষণা করছিলেন। দার্শনিক হেগেল ইতিহাসকে দেখছিলেন দ্বান্দ্বিক অগ্রযাত্রা হিসাবে, মার্ক্স দেখছিলেন শ্রেণিসংগ্রামের ইতিহাস হিসাবে। কিন্তু নিৎশে বললেন- না,খামোশ, ইতিহাস হইলো মূলত মূল্যবোধের ইতিহাস, আর মূল্যবোধ নিজেই ক্ষমতার উৎপাদন হিসাবে কাজ করে। এই কথাগুলিই পরবর্তী একশ বছরের দর্শনকে বদলায়া ফেলছে। পরবর্তী যুগের বুদ্ধিজীবী- ফুকো, দারিদা ও গ্রামশিসহ এরকম অন্যান্য অনেক সমাজ বিজ্ঞানির চিন্তার ভেতর নিৎশের ছায়া ব্যাপকভাবে কাজ করছে। নিৎশের এই বিশ্লেষণের হাত ধইরা আমাদের সামনে একটা গভীর দার্শনিক প্রশ্ন হাজির হয়। যদি সমাজের নৈতিক মূল্যবোধ নির্দিষ্ট কোনো সময়ের বা ইতিহাসের তৈরি হয় এবং যা সদা পরিবর্তনশীল, তখন মানুষ চূড়ান্ত ন্যায়বিচার কোথায় খুঁইজা পাইবো? আবার ‘সত্য’ যদি কেবলই ক্ষমতাবানদের তৈরি করা বয়ান হয়, তবে একজন জালিমের বিচার কোন শাশ্বত মানদণ্ডের ভিত্তিতে করা হইবো?

অত্যাচারী নিজেও তো তার ক্ষমতাকে ‘সত্য’ বইলা দাবি করতে পারে। দেশে দেশে ফিরাউন মার্কা প্রশাসন এই রকম করছে ও করবে। ইতিহাস ও সংস্কৃতি মানুষের তৈরি হইতে পারে, কিন্তু আমাদের নৈতিকতা ও ন্যায়বিচারের ভিত্তি হইতে হবে ওহী-ভিত্তিক শাশ্বত সত্য, যেমন- ইসলামের নৈতিক দর্শন, যা স্থান-কাল বা ক্ষমতার পরিবর্তনে কোনো পরিবর্তন হয় না। নিচে আমরা নিৎশের দর্শনের কয়েকটা পয়েন্ট নিয়া আলোচনা করবো এবং তার মাইন্ডসেট ধরার চেষ্টা করবো।

১৮৮২ সালে The Gay Science এ নিৎশের বিখ্যাত উক্তি আসে God is dead। এইটা পাশ্চাত্য দর্শনের বাক্যগুলির মধ্যে সবচেয়ে ভুল ব্যাখ্যার একটা। আসলে তিনি খোদার অস্তিত্ব নিয়ে তর্ক করছেন না বরং বলতেছেন- ইউরোপ লিবারেল দার্শনিক, বিজ্ঞানি, বুদ্ধিজীবীদের মাধ্যমে এমন এক জ্ঞানতাত্ত্বিক অবস্থায় পৌঁছাইছে যে এইখানে খোদা (খ্রিস্টীয়, ট্রিনিটি মতবাদ) আর নৈতিকতার কার্যকর কেন্দ্র নন! নিৎশের এই ধরণের চিন্তার পিছনে চারটি ঐতিহাসিক ঘটনা একত্রে কাজ করছে বইলা মনে হয়: কোপারনিকাস মানুষকে মহাবিশ্বের কেন্দ্র থেকে সরাইয়া দিছে, ডারউইন মানুষকে প্রাণিজগতের ধারাবাহিকতায় রাখছে, আলোকায়ন ধর্মীয় কর্তৃত্বকে যুক্তির আদালতে তুলছে, শিল্পবিপ্লব সমাজকে যন্ত্র ও পুঁজির অধীনে নিয়া আসছে। অর্থাৎ মানুষের পরিচয় ও অবস্থান, ইতিহাস ও সত্য সবকিছু যেন বদলায়া গেল। চার্লস টেইলর যাকে The Secular Condition বললেন, নিৎশে সেই অবস্থার প্রধান আলেম! । কিন্তু নিৎশের প্রশ্ন আরও গভীর- যদি খোদা না থাকে, তাইলে নৈতিকতার উৎস কোথায়? আমরা যাবো কই? এই প্রশ্নই আসলে আধুনিক দর্শনের খুবই দরকারী প্রশ্ন।

নিৎশের কাছে nihilism মানে শুধু শূন্যবাদ বা নাস্তিকতা না, বরং এইটা এমন এক অবস্থা যেখানে মানুষের জীবনে কোনো অন্তর্নিহিত অর্থ অবশিষ্ট থাকে না। দস্তয়েভস্কি এই একই সংকটকে সাহিত্যিক ভাষায় প্রকাশ করছিলেন ব্রাদার কারামাজভে। ইভান কারামাজভের প্রশ্ন ছিলো ‘খোদা না থাকলে সবই কি বৈধ?’ নিৎশের ‘নাইহিলিজম’ একই সভ্যতার প্রায় একই ভাষা। কিন্তু এইখানে দুইজনের পথ আলাদা- দস্তয়েভস্কি প্রেম ও ঈমানে ফিরতে চাইছিলেন (তার বিখ্যাত Crime and Punishment এর কথা চিন্তা করেন), কিন্তু নিৎশে চাইছিলেন, মানুষ যেন কোনো ঐশ্বরিক শক্তির ওপর নির্ভর না করে নিজেই নিজের নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে এবং নিজেই নিজের ভাগ্য ও জীবনের চূড়ান্ত অধিকর্তা হয়ে ওঠে। নিৎশের এই সাহসী চিন্তার হাত ধইরাই আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক বিভাজনরেখাটি তৈরি হয়। কারণ এখানে মূল সংকট কেবল ঈশ্বরে বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন না, বরং আসল প্রশ্নটি হইলো- মানুষের অস্তিত্বের নৈতিক ভিত্তি তাহলে কী হইবো?

অর্থাৎ, স্রষ্টাকে বাদ দিয়ে মানুষ যদি নিজেই নিজের ভালো-মন্দের মানদণ্ড ঠিক করতে চায়, তবে সেই নৈতিকতার ভিত্তি কতটুকু শক্তিশালী ও নিরাপদ থাকবে? নিৎশের এই চিন্তার পরে দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মনে করে স্রষ্টা বা ওহী ছাড়া মানুষের পক্ষে কোনো স্থায়ী নৈতিকতা তৈরি করা সম্ভব নয়, অন্যদল মনে করে, মানুষ নিজেই নিজের বুদ্ধি দিয়ে নৈতিকতা ঠিক করবে!

নিৎশের On the Genealogy of Morality দর্শনের ইতিহাসে এক মৌলিক পদ্ধতি প্রবর্তন করে। নিৎশের মতে নৈতিকতা কোনো আকাশ থেইকা নাইমা আসা অবতীর্ণ বিধান না, বরং সেইটা দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামের ফসল। তিনি দুই ধরনের নৈতিকতার কথা বলেন—প্রভু নৈতিকতা, যা শক্তিকে বড় কইরা তোলে, দাস নৈতিকতা, যা বিনয়, সমতা ও করুণাকে নৈতিক আদর্শ বানায়। এই বিশ্লেষণ অভিনব, কারণ প্রথমবারের মতো নৈতিকতাকে তিনি ক্ষমতার সাথে জড়িত ইতিহাস হিসাবে বিবেচনা করেন। কিন্তু নিৎশের এই তত্ত্বের জায়গা থেকেই একটি মৌলিক দার্শনিক ও মানবিক আপত্তির জন্ম হয়। আমরা যদি মাইনা নিই যে মানুষের দয়া, মায়া বা পরের উপকার কেবল দুর্বলদের টিকা থাকার একটি মনস্তাত্ত্বিক কৌশল, তখন পৃথিবীতে প্রকৃত মানবিকতার জায়গা কোথায় থাকবে? সেই দিক দিয়া ইসলাম মানুষের আত্মমর্যাদা ও শক্তিমত্তাকে অস্বীকার করে না, আবার মানুষকে কেবল অহংকারী, অতিমানব হওয়ার শিক্ষাও দেয় না।

একইভাবে ইসলামের দৃষ্টিতে বিনয় ও ক্ষমা কোনো দুর্বল মানুষের অসহায় আত্মসমর্পণ বা দাস-নৈতিকতা নয়। বরং ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও ন্যায়বিচারের স্বার্থে নিজেকে সংযত রাখা এবং দুর্বলের ওপর রহমত করাই ইসলামের দৃষ্টিতে প্রকৃত বীরত্ব।

নিৎশে Thus Spoke Zarathustra ও Beyond Good and Evil বইয়ে Will to Power(ক্ষমতার ইচ্ছা) এর ধারণা নিয়া আসেন। নিৎশে এইটাকে জীবনের মৌলিক গতিশক্তি হিসাবে ভাবছিলেন। উদহারণ স্বরূপ- গাছ সূর্যের দিকে মুখ কইরা ক্রমশ বাড়ে, শিল্পী পুরানা ফর্ম বাদ দিয়া নতুন ফর্ম ও রূপ সৃষ্টি করে, নতুন দার্শনিক প্রাচীন ডিস্কোর্স ভেঙে নতুন ডিস্কোর্স নিয়া আসেন। সবখানেই এক ধরনের অতিক্রমের ইচ্ছা দেখতে পাওয়া যায়। নিৎশের মতে পৃথিবীতে কোনো কিছুর নিজস্ব বা স্থির অর্থ নাই। যার ভেতরে ‘উইল টু পাওয়ার’ বা সৃজনশীল মানসিক শক্তি বেশি, সেই পৃথিবীকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারে। সমাজে কোনটা ‘ভালো’ আর কোনটা ‘খারাপ’, কোনটা ‘সভ্য’ আর কোনটা ‘অসভ্য’ এই সংজ্ঞাগুলো যে তৈরি করতে পারে, সমাজের আসল ক্ষমতা তার হাতেই চইলা আসে। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ধারণা রাজনৈতিক ও অর্থনৈতিক জগতে প্রবেশ করে।

নিৎশের এই ধারণাটিকেই পরবর্তীতে মিশেল ফুকো আরও স্পষ্ট করছেন। মানুষের এই ‘ক্ষমতার ইচ্ছা’ যখন প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, মিডিয়া, প্রতিষ্ঠান, বিজ্ঞান বা রাষ্ট্র তৈরি করে, তখন সে নিজের স্বার্থ অনুযায়ী ‘জ্ঞান’ ও ‘ইতিহাস’ রচনা করে। যেমন ঔপনিবেশিক শক্তি তাদের ‘উইল টু পাওয়ার’ ব্যবহার কইরা দেশে দেশে এমন এক ইতিহাস ও শিক্ষা ব্যবস্থা তৈরি করছিল, যা তাদের শাসনকে ‘ন্যায্য’ এবং স্থানীয়দের ‘পিছিয়ে পড়া’ হিসাবে প্রমাণ করেছিল। ‘উইল টু পাওয়ার’ সরাসরি লাঠি বা অস্ত্র দিয়ে ক্ষমতা তৈরি করে না, বরং এইটা নতুন ধারণা, ভাষা, মূল্যবোধ এবং সত্য উৎপাদনের মাধ্যমে মানুষের মন ও সমাজকে নিয়ন্ত্রণ করার এক অদৃশ্য ও স্থায়ী ক্ষমতা তৈরি করে। একইভাবে ইতালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ আন্তোনিও গ্রামশি তার সাংস্কৃতিক আধিপত্য তত্ত্বে দেখান, যে-কোনো শাসকগোষ্ঠী বা এলিট শ্রেণী দীর্ঘকাল কেবল বন্দুক, মিলিটারি, পুলিশ বা গায়ের জোরে তাদের আধিপত্য ধইরা রাখতে পারে না, তখন তারা শিক্ষা ব্যবস্থা, সাহিত্য, গণমাধ্যম ও প্রচলিত সংস্কৃতির মাধ্যমে এমন এক মানসিক পরিবেশ তৈরি করে, যাতে শাসিত মানুষ নিজ থেইকাই সেই আধিপত্যকে স্বাভাবিক ও সঠিক বলে মাইনা নেয়।

নিৎশের দর্শনের সাথে ইসলামের একটি সূক্ষ্ম পার্থক্য আছে। নিৎশের দর্শনে এই ‘আত্ম-অতিক্রম’ অনেক সময় মানুষকে অহংকারী ও নিজের ইচ্ছার অধীন কইরা তোলে, কিন্তু ইসলামে নিজের ভেতরের এই প্রচণ্ড শক্তিকে নিয়ন্ত্রণ ও বিকশিত করার চূড়ান্ত লক্ষ্য হইলো- পরম করুণাময়, সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পিত হওয়া এবং সমাজে সাম্য, ন্যায়বিচার, রহমত ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করা। অর্থাৎ ইসলাম মানুষের ভেতরের উইল টু পাওয়ার-কে ধ্বংস করে না, বরং তাকে আল্লাহর আনুগত্য ও নৈতিক দায়িত্ববোধের দিকে প্রবাহিত কইরা মানুষকে প্রকৃত অর্থেই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবে পরিণত করে।

অষ্টাদশ শতাব্দীর আলোকায়নের লক্ষ্য ছিল মানুষ একদিন যুক্তির মাধ্যমে মুক্ত হইবো। ১৭৮৪ সালে What is Enlightenment? এ আর এক জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট লিখছিলেন, Sapere Aude- নিজের বুদ্ধি ব্যবহার করো। এক শতাব্দি পরে নিৎশে ১৮৮৭ সালে ‘অন দ্য জিনিয়ালজি অব মরালিটি’ তে উত্তর দিলেন এই বইলা যে মানুষের বুদ্ধিও নিরপেক্ষ না, জনাব। ইতিহাসের নির্মম পরিহাস হইলো, Enlightenment এর যে যুক্তি মানুষকে মুক্ত করার জন্য অঙ্গীকার করছিলো, পরবর্তীকালে সেই যুক্তিই উপনিবেশবাদ, দুই দুইটা বিশ্ব যুদ্ধ, প্রযুক্তিগত আধিপত্য এবং ফ্যাসিবাদের নিপীড়নমূলক যন্ত্রে পরিণত হইছে। এইখানে নিৎশে ঠিক ইউনিক হয়ে পড়েন। তিনি দেখাইছেন- যুক্তি ক্ষমতাহীন না, বিজ্ঞান মূল্যবোধহীন না, এমনকি সত্যও রাজনৈতিক। কিন্তু তিনি ভুল করেন অন্য জায়গায়। তিনি মনে করেন, যেহেতু যুক্তি চূড়ান্ত না, তাই মানুষ নিজেই নতুন মূল্যবোধ নির্মাণ করবে। এখানেই তার দর্শন জ্ঞানতাত্ত্বিক সমালোচনা থেইকা অস্তিত্ববাদী ব্যক্তিস্বাতন্ত্র্যবাদে চইলা যায়। সেইখান থেইকাই তার অতিমানবের ধারণা আসে।

অতিমানব মানুষ বিষয়ে নিৎশের সবচেয়ে ইউনিক ধারণা। নিৎশের মতে- অতিমানব বা উবারমেনশ কোনো অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ না। বরং এইটা এমন একজন স্বাধীন মানুষ, যে প্রচলিত সমাজ, ধর্ম বা অন্ধ অনুকরণের ফলে তৈরি করা সব প্রাচীন মূল্যবোধ ধ্বংস কইরা নিজেই নিজের নৈতিকতা, লক্ষ্য এবং জীবনের অর্থ সৃষ্টি করে। তখন প্রশ্ন আসে- মানুষ কি নিজের উৎস হইতে পারে? সে কী পুরাপুরি স্বাধীন? মার্টিন হাইডেগার পরে বলছিলেন, আধুনিকতার সবচেয়ে বড় সমস্যা হইলো মানুষ নিজেকেই Being-এর খোদা ভাবতে শুরু করে। ইসলামী দৃষ্টিতে মানুষ খলিফা, কিন্তু খোদা না। এইখানে দুইটি ধারণার পার্থক্য লক্ষণীয়- নিৎশে চান আত্মনির্মাণ, স্বায়ত্তশাসন, ক্ষমতার ইচ্ছা, মূল্যবোধ নির্মাণ। ইসলাম চায় আত্মশুদ্ধি, আমানত, খোদাভীতি ও ন্যায় বিচার। এখানে তাকওয়া মানে আল্লাহকে ভয় পাওয়ার সাথে সাথে অস্তিত্বের নৈতিক সচেতনতা তৈরি করা- মানুষ কেন্দ্রে না, আল্লাহই সবকিছুর কেন্দ্র ও চুড়ান্ত মালিক।

নিৎশে মুসলিম দার্শনিক, ইবনে সিনা, ইবনে রুশদ, গাজ্জালি পড়ছেন কিনা বা ইসলামিক ইতিহ্যের সাথে তার কোনো পরিচয় ছিলো কিনা- জানা নাই। পড়া থাকলে হয়ত তার দর্শন এমন বেপরোয়া হইত না বা এতো এন্টি মেটাফিজিক্যাল হইত না। সন্দেহ নাই নিৎশে বিংশ শতাব্দীর একজন বড় মাপের বিদ্রোহী দার্শনিক। কিন্তু তার চিন্তার কিছু সীমাবদ্ধতা আছে, তার সীমাবদ্ধতাগুলি হইলো- সত্য, আদল, করুণা ও রহমত নিয়া তিনি কোনো কথা বলেন নাই। তিনি মিথ্যা সত্য ভাঙেন, কিন্তু সত্যের সত্তাতাত্ত্বিক ভিত্তি নির্মাণ করেন না। ফলে সত্য আপেক্ষিকতার দিকে সইরা যায়, যা আসলে একটা ভয়ংকর ব্যাপার। নিৎশে যে জায়গাটা নির্মাণ করতে ব্যর্থ হইছেন, ইসলামি দর্শন ঠিক সেই জায়গাটিতেই একটি ভিত্তি স্থাপন করে। সেই ভিত্তি দাঁড়ায়া আছে কয়েকটা মূল পিলারের ওপর: পরম স্রষ্টা ও ওহীর ভিত্তি-সত্য, ন্যায় (আদল) এবং করুণার (রহমত) উৎস কোনো দুর্বল বা স্বার্থপর মানুষ হইতে পারে না। এইটার একমাত্র নিরাপদ জায়গা হইলো পরম করুণাময় আল্লাহ, যিনি আল-হক্ব -পরম সত্য, আল-আদল- পরম ন্যায়বিচারক এবং আর-রহমান -পরম করুণাময়।

আত্মনির্মাণ না, আমানত- নিৎশে চাইছিলেন মানুষ নিজেই নিজের মালিক হোক, কিন্তু ইসলাম বলে মানুষ নিজের স্রষ্টা নয়, বরং সে দুনিয়াতে আল্লাহর খলিফা- প্রতিনিধি এবং তার জীবন, বুদ্ধি ও ক্ষমতা হইলো আমানত। এই আমানতের চেতনাই মানুষকে স্বেচ্ছাচারী হওয়া থেকে বাঁচায়। স্বেচ্ছাচারিতা নয়, বরং তাকওয়া ও আত্মশুদ্ধি- নিৎশে যখন পুরানা নৈতিকতা ভেঙে দেন, তখন শক্তিশালীর হাতে গরীব ও দুর্বল মানুষ নিপীড়িত হইতে থাকবে। কিন্তু আল্লাহর প্রতি তাকওয়া- ভয়, মানুষের ভেতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করে এবং তাকে ন্যায়বিচার ও করুণার পথে পরিচালিত করে।

নিৎশে আমাদের বলছেন মরালিটি, ভ্যালুজ, পুরানা ধারণা ইত্যাদি সন্দেহ করতে এবং কোনো, ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে পবিত্র হিসাবে পূজা না করতে। তার মতে- আমরা যে নৈতিকতার কথা বলি তারও নির্মাণ আছে, তার পিছনে ক্ষমতার ইতিহাস আছে (মধ্য যুগের চার্চের ক্ষমতা!)। কিন্তু মানুষ শুধু সন্দেহ কইরা বাস করতে পারে না বা সভ্যতা কেবল ভাঙন ও গঠনের উপর দাঁড়ায় থাকে না। মানুষ এমন এক নৈতিক দুনিয়া খুঁইজা বেড়ায় যেখানে স্বাধীনতা আছে, কিন্তু স্বেচ্ছাচার নাই, যুক্তি আছে, কিন্তু অহংকার নাই, শক্তি আছে, অত্যাচার নাই। তাই নিৎশেকে পুরাপুরি প্রত্যাখ্যান না কইরা তার চিন্তার মূল জায়গাগুলিকে নিয়া আলোচনা করা যায়। যেমন তার জিনিয়োলজিকে গ্রহণ করা যায় কিন্তু তার নাইহিলিজমকে না, তার প্রতিষ্ঠান বিরুধিতাকে সম্মান করা যায়, কিন্তু তার মানুষের স্বয়ংসম্পূর্ণতার ঘোষণাকে না। কারণ মানুষের মনুষত্ব ও মহত্ত্ব নিজের খোদা হয়ে ওঠার মধ্যে পাওয়া যায় না, বরং সত্য, আদল ও রহমতের প্রতি বিশ্বস্ত থাইকা আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে তা পাওয়া যায়।

*মেটাফিজিক্যাল আইডিয়ালিজম হইলো এমন একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা দাবি করে যে এই মহাবিশ্বের চূড়ান্ত বা আসল বাস্তবতা কোনো বস্তুগত জিনিস নয়, বরং এইটা সম্পূর্ণ আধ্যাত্মিক, মানসিক বা ধারণানির্ভর বিষয়।