ফতুল্লায় পুলিশ কনস্টেবল ছুরিকাঘাতে খুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৬

রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সদর মডেল থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হস।

এ সময় তার সঙ্গে থাকা এএসআই পালিয়ে রক্ষা পান। পরে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করেছে।

কনস্টেবলকে হত্যার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগ তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ তখন জানিয়েছিল, ওই অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।