মারিয়া সালামের উপন্যাস ‘কুটিল সওদাগর ও জাদুর আয়না’
পর্ব ২
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৬
রাজাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র
রাজ্যের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। কোথাও পোড়া ঘরের গন্ধ, কোথাও ভাঙা প্রাসাদের ইট-পাথর, কোথাও আবার মানুষের দীর্ঘশ্বাস। কুটিল সওদাগরের লোকজন দিনরাত রাজ্যের পথে পথে অশান্তির আগুন জ্বালিয়ে বেড়াচ্ছে। তারা ভাঙছে, পোড়াচ্ছে, লুট করছে। রাজ্যের শান্তি ও স্বস্তি কেড়ে নেওয়াই যেন তাদের একমাত্র কাজ। কিন্তু এত কিছুর পরও কুটিল সওদাগরের মুখে হাসি নেই।
একদিন গভীর রাতে নিজের গোপন আস্তানায় বসে সে হিসাবের খাতা উল্টেপাল্টে দেখছিল। সামনে ছড়িয়ে-ছিটিয়ে আছে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা খবর। কোথাও সেতু ভেঙেছে, কোথাও বিদ্যালয়ে আগুন লেগেছে, কোথাও বাজারের দোকানপাট লুট হয়েছে। সব দেখে সে একবার মুচকি হাসল, আবার পরক্ষণেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মনে মনে সে বলল, এভাবে আর কতদিন? ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে, মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে রাজ্যের ক্ষতি করা যায় বটে, কিন্তু তাতে তো রাজ্যের উন্নতি আটকানো যায় না!
তখনই তার মনে পড়ল সেই রাজ্যের রাজার কথা। রাজা ছিলেন অদ্ভুত মানুষ। রাজ্যের উন্নয়ন ছাড়া যেন তার আর কোনো চিন্তাই ছিল না। একদিকে ভাঙা রাস্তা মেরামত হচ্ছে, অন্যদিকে নতুন সেতু তৈরি হচ্ছে। নদীর ওপর বাঁধ, গ্রামের মানুষের জন্য বিদ্যালয়, অসুস্থদের জন্য চিকিৎসালয়—সবকিছুর খবর রাজা নিজে রাখতেন। কুটিল সওদাগর জানত, এই রাজা যদি সিংহাসনে টিকে থাকেন, তবে আজ যারা রাজ্যের সম্পদ ধ্বংস করছে, কাল তাদের ঠিকই খুঁজে বের করা হবে। তদন্ত হবে, অপরাধীদের বিচার হবে। কেউ কারাগারে যাবে, কারও হয়তো গর্দান যেতে পারে। তার নিজের গোপন আস্তানার দরজায়ও একদিন রাজার সৈন্যরা কড়া নাড়তে পারে।
সুতরাং শুধু রাজ্যের ঘরবাড়ি, সেতু, বাজার কিংবা পথঘাট ধ্বংস করলে চলবে না; এবার ধ্বংস করতে হবে সিংহাসনের ভিত্তি। রাজাকেই সরাতে হবে। কিন্তু কীভাবে? কুটিল সওদাগর দীর্ঘক্ষণ চিন্তা করল। পায়চারি করতে করতে কেটে গেল সওদাগরের রাত। ভোরের দিকে তার চোখে এক অদ্ভুত ধূর্ত হাসি খেলে গেল। নিজের মনেই বলে উঠল, আগুন দিয়ে প্রাসাদ পোড়ানো যায়, কিন্তু রাজার মুকুট কেড়ে নেওয়া যায় না। রাজাকে সরাতে হলে লাগবে রাজ্যের মানুষের মুখে মুখে রাজার বিরুদ্ধে কথা।
এই ভেবে সে নতুন এক পরিকল্পনা আঁটল। প্রথমেই নিজের দল ভারী করতে হবে। শুধু নিজের সাঙ্গোপাঙ্গ দিয়ে আর কত দূর এগোনো যায়! রাজ্যে তখন কিছু সুদখোর ব্যবসায়ী ছিল। তারা দীর্ঘদিন ধরে গরিব মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করত। কেউ ফসল ফলাতে না পেরে তাদের কাছ থেকে ঋণ নিত, কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য। আর সেই ঋণের সুদ এমন চড়া হতো যে, একসময় আসল টাকা তো দূরের কথা, সুদের বোঝাই আর নামত না। ঋণ শোধ করতে না পারলে তারা মানুষের জমিজমা লিখে নিত, হাতি-ঘোড়া, সোনা-গয়না কেড়ে নিত। কোনো কোনো ক্ষেত্রে ঋণগ্রস্ত পরিবারের সন্তানদেরও দাস হিসেবে আটকে রাখত।
কিন্তু রাজ্যে উন্নয়নের হাওয়া লাগার পর থেকে তাদের ব্যবসায় ভাটা পড়েছে। মানুষের হাতে কাজ এসেছে, কৃষকের ঘরে ফসল উঠছে, ছোট ব্যবসায়ীরা নিজেরাই পুঁজি গড়ছে। ফলে আর আগের মতো সুদের টাকা ধার করতে কেউ তাদের দরজায় যাচ্ছে না। সুদখোরদের তো আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রম। তারাও একারণে রাজার ওপর ভীষণ ক্ষুব্ধ। তাদের ধারণা, এই রাজা যত দিন সিংহাসনে থাকবেন, তত দিন তাদের পুরোনো ব্যবসা আর ফিরবে না।
কুটিল সওদাগর এই ক্ষোভের খবর আগেই পেয়েছিল। একদিন সে গোপনে তাদের কয়েকজনকে নিজের আস্তানায় ডেকে পাঠাল। সেখানে উপস্থিত ছিল রাজ্যের নামকরা সুদখোর মহাজন ধনেশ্বর, ঘোড়ার ব্যবসায়ী রুদ্রপ্রতাপ এবং সোনা-রুপা বন্দকের কারবারি হরিচরণ। কুটিল সওদাগর তাদের দিকে তাকিয়ে বলল, ‘বন্ধুগণ, তোমাদের ব্যবসা মন্দা যাচ্ছে, জানি। তোমাদের পুরোনো প্রতিপত্তি আর নেই। এর জন্য দায়ী কে?’
ধনেশ্বর দাঁত কিড়মিড় করে বলল, ‘ওই রাজা! মানুষের হাতে কাজ দিয়েছে, তাদের ঋণ নেওয়ার প্রয়োজন কমিয়ে দিয়েছে। গরিব মানুষ এখন আর আমাদের সামনে মাথা নত করে না।’
রুদ্রপ্রতাপ বলল, ‘আমাদের ঘোড়ার আস্তাবলে ঘোড়া আছে, গুদামে সোনা আছে, কিন্তু আগের মতো বাজার নেই। রাজ্যের মানুষ এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।’
কুটিল সওদাগর মুচকি হেসে বলল, ‘তাহলে বুঝতেই পারছ, আমাদের শত্রু একজনই। তাকে সিংহাসন থেকে নামাতে পারলে তোমাদের পুরোনো দিন ফিরবে।’
হরিচরণ চোখ ছোট করে জিজ্ঞেস করল, ‘কিন্তু কীভাবে? রাজাকে তো সহজে সরানো যাবে না।’
‘সেটাই আমার ভাবনা,’ কুটিল সওদাগর বলল। ‘তবে মনে রেখো, রাজাকে হারাতে হলে শুধু অস্ত্র নয়, মানুষের মনও জয় করতে হবে। আর মানুষের মন জয় করার সবচেয়ে সহজ পথ হলো তাদের সামনে রাজার দুর্বল দিক তুলে ধরে তাদের মনে বিষ ঢুকিয়ে দেওয়া।’
সেদিন থেকেই সুদখোর ব্যবসায়ীরা কুটিল সওদাগরের সঙ্গে হাত মেলাল। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারল, শুধু ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন করলে রাজাকে সিংহাসন থেকে নামানো সম্ভব নয়। রাজ্যের সাধারণ মানুষ তাদের বিশ্বাস করে না। বরং তাদের দেখলেই অনেকে পুরোনো ঋণের কথা মনে করে দরজা বন্ধ করে দেয়।
তখন কুটিল সওদাগর নতুন এক চাল চালল। সে সিদ্ধান্ত নিল, রাজ্যের নামকরা কবি, সাহিত্যিক, লেখক, অধ্যাপক, আইনজীবী এবং নানা পেশার প্রভাবশালী মানুষদের নিজেদের দলে ভেড়াতে হবে। কারণ সাধারণ মানুষ যাদের কথা শোনে, যাদের লেখা পড়ে, যাদের মতামতকে সম্মান করে, তাদের মুখ দিয়ে রাজার বিরুদ্ধে কথা বলানো গেলে রাজ্যের মানুষের মনে সন্দেহ তৈরি করা সহজ হবে।
শুরু হলো গোপন যোগাযোগ। কারও কাছে পাঠানো হলো সোনার মোহর, কারও কাছে জমির প্রস্তাব, কাউকে দেওয়া হলো রাজকীয় পদমর্যাদার লোভ। আবার কাউকে বোঝানো হলো, রাজা থাকলে তাদের স্বাধীন চিন্তার পথ বন্ধ হয়ে যাবে। এভাবেই একে একে কুটিল সওদাগরের গোপন বলয়ে জড়ো হতে লাগলেন রাজ্যের কিছু নামকরা মানুষ।
প্রতিদিন রাতে নগরীর প্রান্তে এক পুরোনো সরাইখাবার গোপন বৈঠকখানায় বসেছিল তাদের গোপন সভা। বাইরে পাহারায় ছিল কুটিল সওদাগরের বিশ্বস্ত লোকজন। জানালার পর্দা টানা, দরজা বন্ধ। ঘরের মাঝখানে রাখা বড় একটি গোল টেবিল। সভায় উপস্থিত ছিলেন কবি চন্দ্রকান্ত, সাহিত্যিক রত্নেশ্বর, অধ্যাপক জ্ঞানেশ্বর, আইনজীবী মহিমচন্দ্র এবং আরও অনেক প্রভাবশালী ব্যক্তি।
কবি চন্দ্রকান্ত প্রথম কথা বললেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কবিতার ভাষা দিয়ে রাজাকে কীভাবে মানুষের চোখে অযোগ্য করে তোলা যায়?’
অধ্যাপক জ্ঞানেশ্বর চশমাটা খুলে টেবিলে রাখলেন। ‘রাজা উন্নয়ন করছেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা বলতে পারি, উন্নয়ন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মানুষ তো মনের কথা খুলে বলতে ভয় পাচ্ছে, মানুষের মনে আজ অসন্তোষ।’
আইনজীবী মহিমচন্দ্র বললেন, ‘কিন্তু অসন্তোষকে বড় করে তুলতে হবে। ছোট ঘটনাকে বড় করে দেখাতে হবে। রাজার প্রতিটি সিদ্ধান্তের মধ্যে ভুল খুঁজতে হবে। রাজ্যের মানুষের সামনে এমন একটা ধারণা তৈরি করতে হবে যে, রাজা আর তাদের কথা শুনছেন না।’
সাহিত্যিক রত্নেশ্বর মৃদু হেসে বললেন, ‘মানুষ যুক্তির চেয়ে আবেগে বেশি প্রভাবিত হয়। তাদের মনে যদি একবার বিশ্বাস জন্মানো যায় যে, রাজা তাদের শত্রু, তাহলে আর বেশি কিছু করতে হবে না।’
কবি চন্দ্রকান্ত বললেন, ‘তাহলে আমরা লেখালেখি শুরু করি। কবিতায়, গল্পে, বক্তৃতায়, সভায়—সব জায়গায় রাজার বিরুদ্ধে প্রশ্ন তুলব।’
এতক্ষণ চুপ করে থাকা এক অধ্যাপক এবার বললেন, ‘শুধু লেখালেখি দিয়ে হবে না। রাজপথে মানুষ নামাতে হবে। আমাদের ছাত্র, পাঠক, অনুসারী, শুভাকাঙ্ক্ষী—সবাইকে এক করতে হবে।’
কুটিল সওদাগর তখন পর্যন্ত চুপচাপ সব শুনছিল। এবার সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ‘আপনারা ঠিকই বলেছেন। তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে। শুধু রাজাকে অপছন্দ করলেই মানুষ সিংহাসন ফেলে দিতে রাস্তায় নামবে না। তারজন্য সামনে আনতে হবে এমন কাউকে যার ওপরে দেশের একটা অংশের ভরসা আছে, যে পরবর্তীতে রাজা হতে পারবে।’
ঘরের সবাই নীরব হয়ে গেল। কুটিল সওদাগর আবার বলল,‘আমাদের এমন একজনকে দরকার, যে বহুদিন ধরে রাজার বিরুদ্ধে কথা বলে আসছে। যে একসময় রাজার সাথে হেরে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছিল সেই সাত সমুদ্র তের নদীর ওপারে। যার নিজেরও সিংহাসনের ওপর নজর আছে।’
ধনেশ্বর মহাজন এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি এবার বললেন, ‘আপনি কি সেই নির্বাসিত বিরোধী নেতার কথা বলছেন?’
কুটিল সওদাগরের ঠোঁটে হাসি ফুটল। ‘ঠিক ধরেছ। বহু বছর আগে সে চলে গিয়েছিল, তাকে ফিরিয়ে আনতে হবে। তার পুরোনো অনুসারীদেরও জাগিয়ে তুলতে হবে। তার নাম ব্যবহার করে রাজ্যের ভেতরে নতুন করে শক্তি তৈরি করতে হবে।’
সভায় উপস্থিত সবাই একে অন্যের মুখের দিকে তাকাল। অধ্যাপক জ্ঞানেশ্বর বললেন, ‘কিন্তু সে তো বহুদিন ধরে রাজ্যের বাইরে। তার অনুসারীরাও ছড়িয়ে-ছিটিয়ে আছে।’
‘সেটাই তো আমাদের সুবিধা,’ কুটিল সওদাগর বলল। ‘পুরোনো ক্ষোভ কখনো পুরোপুরি মরে যায় না। শুধু তাকে একটু উসকে দিতে হয়।’
সেদিন রাতেই সিদ্ধান্ত হলো, নির্বাসিত সেই বিরোধী নেতার সঙ্গে গোপনে যোগাযোগ করা হবে। তার পুরোনো অনুসারীদের খুঁজে বের করা হবে। রাজ্যের ভেতরে তাদের লোকজনকে সংগঠিত করা হবে। এরপর শুরু হলো আরও বড় আয়োজন।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট সভা হতে লাগল। কবি-সাহিত্যিকেরা লিখতে শুরু করলেন রাজার বিরুদ্ধে। অধ্যাপকেরা বক্তৃতা দিলেন। আইনজীবীরা নানা প্রশ্ন তুললেন। ব্যবসায়ীরা অর্থ জোগাতে লাগলেন, আর কুটিল সওদাগরের লোকজন আড়ালে থেকে সবকিছু পরিচালনা করতে লাগল।
যারা একসময় রাজার উন্নয়ন দেখে প্রশংসা করত, তাদের মধ্যেও সন্দেহ ঢোকানোর চেষ্টা চলল। কোথাও গুজব ছড়ানো হলো, কোথাও অর্ধসত্যকে সত্যের মতো সাজানো হলো। রাজার কোনো ভুল থাকলে সেটিকে শতগুণ বড় করে প্রচার করা হলো, আর রাজ্যের যে উন্নয়ন মানুষের চোখের সামনে দৃশ্যমান, সেগুলোকে বলা হলো লোকদেখানো আয়োজন।
এদিকে নির্বাসিত বিরোধী নেতাও গোপনে তার পুরোনো অনুসারীদের সঙ্গে যোগাযোগ শুরু করলেন। বহুদিনের জমে থাকা ক্ষোভ আর ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা তাকে নতুন করে সক্রিয় করে তুলল। ধীরে ধীরে রাজ্যের রাজনৈতিক আকাশ বদলাতে শুরু করল।
যেসব কবি একসময় রাজ্যের সৌন্দর্য নিয়ে গান লিখতেন, তাদের কেউ কেউ এখন রাজার বিরুদ্ধে কবিতা লিখছেন। যেসব অধ্যাপক একসময় নতুন বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজাকে ধন্যবাদ জানিয়েছিলেন, তাদের কেউ কেউ এখন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। আইনজীবীরা সভা করছেন, ব্যবসায়ীরা অর্থ দিচ্ছেন, আর বিভিন্ন পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে নানা অভিযোগ।
কবি-সাহিত্যিক ও অধ্যাপকদের অনুসারীরাও একসময় রাজপথে নামতে শুরু করল। তাদের সঙ্গে যোগ দিল নির্বাসিত নেতার পুরোনো সমর্থকেরা। কোথাও মিছিল, কোথাও সমাবেশ, কোথাও আবার রাজপ্রাসাদের সামনে স্লোগান। স্লোগান একটাই—রাজার পদত্যাগ চাই!
দিনের পর দিন রাজপথে সেই আওয়াজ বাড়তে লাগল। রাজ্যের আকাশে নতুন এক ঝড়ের পূর্বাভাস দেখা দিল। কুটিল সওদাগর দূরের এক গোপন বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তার পাশে দাঁড়িয়ে ছিল ধনেশ্বর মহাজন। ধনেশ্বর বলল, ‘দেখলেন তো, এবার মানুষ রাস্তায় নেমেছে।’
কুটিল সওদাগর মৃদু হেসে বলল, ‘মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু তারা জানে না তাদের পথের শেষ কোথায়।’ তারপর সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ‘রাজা, তুমি এত দিন রাজ্য গড়েছ। এবার দেখো, তোমার সিংহাসনের চারপাশে কীভাবে অদৃশ্য জাল বোনা হয়।’
কিন্তু কুটিল সওদাগর জানত না, তারই ঘরের বহু পুরোনো সেই জাদুর আয়নায় তার প্রতিটি পদক্ষেপ ধরা পড়ছে। সেই আয়নার ওপারে বসে কেউ একজন সবই দেখছেন। চলবে
























