হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৬
হরমুজ প্রণালির পুব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করা হলেও জাহাজটি সেই পথ ব্যবহার করে। একপর্যায়ে সেটি সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে একই ধরনের ঘটনায় তেলবাহী জাহাজ বিস্ফোরণ ঘটলেও সংশ্লিষ্ট জাহাজটি সেখান থেকে শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে নিয়ন্ত্রণ বজায় রাখছে। ইরানের নিয়ম অমান্য করে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অনুমোদনহীন ও বিপজ্জনক নৌপথে প্রবেশ করলে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
বিস্ফোরণে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হতাহতের হয়েছে কি না, কিংবা জাহাজটির মালিকানা কোন দেশের—এসব বিষয়ে বিস্তারিত বিবৃতিতে বলা হয়নি।
























