হরমুজে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৪, ২০২৬
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুটি জাহাজে বিস্ফোরণ থেকে আগুন ধরে গেছে। আজ শনিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এ জানায়।
বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দুটি তেলবাহী জাহাজ তাদের রাডার ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এর মধ্যে একটি সুপারট্যাংকার বা বিপুল পরিমাণ তেল পরিবহনে সক্ষম বিশাল জাহাজ।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নেওয়ার দাবি জানিয়ে আসছে তেহরান।
এই নির্দেশ অমান্য করা জাহাজগুলোর ওপর হামলাও চালিয়েছে ইরান। শুক্রবার বিপ্লবী গার্ড বাহিনী একটি জাহাজ থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে।
তাদের দাবি, জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল এবং প্রণালির দক্ষিণ অংশে একটি মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন অপসারণ করেছে। সূত্র: এএফপি
























