হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২১, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন মারা গেছে।
সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪১। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ রোগী এসেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৯ জন, রাজশাহীতে ২৫, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২৩৪, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৭৯, খুলনায় ১১৬ এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
১৫ মার্চ থেকে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৬৬ জন।
























