ইরানের হামলার শঙ্কায় বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৫, ২০২৬
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বি-১ বোমারু বিমানগুলো ফেয়ারফোর্ড ঘাঁটি ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়।
এর আগে ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় ১ ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, নিরাপত্তার কারণে সামরিক সরঞ্জাম ও বাহিনীর চলাচল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব ছিল না।
তবে এখন নিশ্চিত করা যাচ্ছে, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরে গেছে।
ঠিক কী কারণে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চলমান যুদ্ধের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়। ৭ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বোমারু বিমানগুলোর জন্য ফেয়ারফোর্ড গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে ফেয়ারফোর্ড ঘাঁটিটি অবস্থিত। ইরানকে ঘিরে ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার গুঞ্জনও রয়েছে।
























