কবি রথো রাফি মারা গেছেন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২২, ২০২৬
কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫১ বছর।
সোমবার থেকে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন নিভৃতচারী এই কবি। কবিতা ও অনুবাদে তিনি নিজস্ব ভাষাশৈলী নির্মাণ করে নিয়েছিলেন।
তার কবিতার বই অক্ষর ও বালির পৃথিবী। ৪৩২ পৃষ্ঠার এই বইয়ে রয়েছে দুশোর বেশি কবিতা। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই দশকে লেখা কবিতাগুলোর সংকলন এটি। তার কবিতায় মানুষের জন্ম-মৃত্যুর দর্শন থেকে শুরু করে কৃষ্ণের বাঁশি ও যিশুর ক্রুশযাত্রার মতো নানা অনুষঙ্গ উঠে এসেছে।
এরিখ ফ্রাইড, চার্লস বুকোস্কি, মুহাম্মদ আল-মাঘুত ও ইয়ারোস্লাভ সাইফার্টের মতো বিশ্বখ্যাত কবিদের কবিতা বাংলায় অনুবাদ করেছেন তিনি। মূল লেখার আবেগ, ভাবনা ও দর্শন বাংলায় তুলে ধরার ক্ষেত্রে তার অনুবাদ ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।
১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রথো রাফির জন্ম। পেশাগত জীবনে সাংবাদিক হলেও তার মূল পরিচয় ছিল কবি হিসেবে। রসায়নশাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও তার মনন গড়ে উঠেছিল কবিতা ও অনুবাদের জগতে। গত শতকের নব্বইয়ের দশকে কবি হিসেবে তার আত্মপ্রকাশ।
যুক্ত ছিলেন ছোটকাগজ আন্দোলন ও প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যিক পরিমণ্ডলের সঙ্গে। প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ গাণ্ডীবয়ের নিয়মিত লেখক ছিলেন তিনি।
























