গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৬

ভারতের বিহারের হাজিপুরের রাঘোপুর এলাকায় মঙ্গলবার রাতে গঙ্গায় নৌকা উল্টে শিশুসহ ১১ জন মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ যাত্রী নৌকায় পাশের গ্রামে দাওয়াতে যাচ্ছিল। পথিমধ্যে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছাকাছি পৌঁছালে মাঝগঙ্গায় আচমকাই নৌকাটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। এ সময় একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বৈশালীর জেলাশাসক বর্ষা সিং বলেন, “নৌকাডুবিতে এখন পর্যন্ত শিশুসহ ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল এবং তাদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি