চার পুলিশ কর্মকর্তাকে আটক, নজরদারিতে অনেকেই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৬
রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর পাশাপাশি যেসব পুলিশ সদস্যের ওপর সন্দেহ রয়েছে, তাদের চলাফেরা আর কাজকর্মের ওপর কড়া নজর রাখছে পুলিশ সদর দপ্তর।
কামারুম মুনিরা বলেন, “ডিসেম্বর ঘিরে যে-কোনো নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কামারুম মুনিরা বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বর ঘিরে যে-কোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
























