চীনা যন্ত্রাংশ দিয়ে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে হুথিরা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৬

চীনা কোম্পানি থেকে আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করে শক্তিশালী ও উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’য়ের অনুসন্ধানী প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য উঠেছে। প্রতিবেদনটি ছেপেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা চীনা কোম্পানি থেকে আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করে ইরানের তৈরি ‘খেবার শেকান’ ক্ষেপণাস্ত্রের নিজস্ব সংস্করণ তৈরি করছে। ইরানি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিখুঁত নিশানায় লক্ষ্যভেদে সক্ষম।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হুথিদের তৈরি এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় এক হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পাড়বে। এর ফলে পুরো সৌদি আরব এবং ইজরায়েল সরাসরি হুথিদের হামলার আওতায় চলে আসবে।

জানা গেছে, হুথি বিদ্রোহীদের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রও তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এরপরেও হুথিরা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে। এই গোষ্ঠী ২০১৪ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর ইয়েমেনের সংঘাতও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের দৃষ্টিতে, মার্কিন-ইরান যুদ্ধের প্রভাব আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার অংশ হিসেবেই ইয়েমেনে উত্তেজনা বেড়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরব ও হুথিদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। সৌদি আরবের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বিবৃতিতে এ প্রস্তাবের কথা জানান। পরে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই অবস্থানের কথা পুনরায় তুলে ধরে।