‘দেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ৩১, ২০২৬
কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না।”
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। তিনি কী জন্য গিয়েছিলেন এবং কী করে এসেছেন, তা জাতিকে খোলাসা করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, জাতি তা পরিষ্কার জানতে চায়।”
ডা. শফিকুর রহমান বলেন, “সাত দফা দাবির মূল বিষয় হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই গণরায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার জন্ম হয়েছে। যদি গণভোটের রায় বাস্তবায়ন হতো, তবে কোনো চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ বা মাদক সম্রাট মাথা তুলে দাঁড়াতে পারত না।”
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “বিএনপি জাতিকে হতাশ করেছে এবং জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়ে কথা ভঙ্গ করেছে ও জাতীয় সংসদে মিথ্যাচার করেছে। আমি আহ্বান জানাবো, ৯ তারিখ সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হোক। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব।”
তিনি আরও বলেন, “যুবসমাজসহ দেশবাসীকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। সেই বিপ্লবের জন্য মুক্তিকামী দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
























