বাইশ বছরের মধ্যে এবার এইচএসসিতে সবচেয়ে খারাপ ফল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ৩১, ২০২৬
চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২২ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার।
আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। কৃতকার্য হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এটি। ২০০৪ সালে ৪৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিল।
২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। গতবার পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে এবার পাশ কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী। তাদের জন্য ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।
শিক্ষা বোর্ডগুলো প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে। এরপর তা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকাশ করা যাবে।
পরীক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এইচএসসি পরীক্ষার ফল জানতে এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।
যে-কোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এজন্য বার্তার ঘরে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে ফলাফলের কোনো কপি পাওয়া যাবে না। ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
























