পায়ুপথে সোনার ডিম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৮, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ৩টি সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এসব সোনার ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে সোনার চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম।

একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন। সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করে। তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির সোনা পাওয়া যায়।

প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের দাবি, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

কাস্টমস সূত্রে আরও জানা গেছে, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি খাঁটি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলছে।