ফের যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১১, ২০২৬
পুলিশের হাতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হওয়ার পরও আজ রোববার যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববার সকাল ১০টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট অবতরণের কিছুক্ষণ পরই ওই ৩ নেতাকে আটক করে দিল্লি পুলিশ।
সিজেপি জানিয়েছে, আটকের পর ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ৩ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়েও কিছু জানে না দলটি।
দলের শীর্ষ নেতৃত্ব আটক থাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার দায়িত্ব নিয়েছেন সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে। তিনিই আজ সকাল ১০টায় যন্তর মন্তরে ফিরে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে অভিযান চালিয়ে ৩ হাজারের বেশি মানুষকে আটক করে দিল্লি পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ প্রতিরোধে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হয়। সূত্র: ইন্ডিয়া টুডে
























