মওলানা মুহাম্মদ আবদুর রহীমের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০১, ২০২৬

ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মওলানা মুহাম্মদ আবদুর রহীমের আজ মৃত্যুদিন। ১৯৮৭ সালের ১ অক্টোবর তিনি মারা যান। ১৯১৮ সালের ২ মার্চ পিরোজপুরের কাউখালিস্থ শিয়ালকাঠি গ্রামে তার জন্ম।

১৯৩৮ সালে শর্ষিণা আলীয়া মাদরাসা থেকে তিনি আলিম পাস করেন। ১৯৪০ সালে কোলকাতা আলীয়া মাদরাসা থেকে ফাযিল পাশ করেন। ১৯৪২ সালে উক্ত মাদরাসা থেকে প্রথম শ্রেণিতে টাইটেল পাশ করেন।

১৯৪৩-৪৫ সালে কোলকাতা মাদরাসায় কুরআন ও হাদিস সম্পর্কে গবেষণার কাজ সম্পাদন করেন। তিনি সাবেক সংসদ সদস্য, নবুয়তি ধারার আন্দোলনের দিক নির্দেশক ও ইসলামি ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা।

ইসলামি ঐক্য আন্দোলনের উদ্যোগে মরহুম মওলানার স্মরণে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃতীয় তলায় আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মওলানার শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: পরিবার ও পারিবারিক জীবন, ইসলামে অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কুরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কুরআনে শিরক ও তাওহীদ, আল কুরআনে রাষ্ট্র ও সরকার, হাদীস সংকলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, যাকাত বিধান এবং আহকামুল কুরআন।