মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ দশকের জীবনসঙ্গীর প্রয়াণের একদিন পরই বুধবার এ তথ্য জানান তার সহযোগী সুফি ইউসুফ।

দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরকে মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে আনুষ্ঠানিক রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুফি ওয়াটসঅ্যাপে এএফপিকে বলেন, “সোমবার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি। এতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। মানসিকভাবে ওঠানামা, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি খুবই ক্লান্ত। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসবের সমন্বয় মোটেও ভালো নয়।”

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক এবং জনস্বাস্থ্যের পক্ষে সোচ্চার একজন ব্যক্তি। ১০০ বছর বয়সে তিনি মারা যান। এই দম্পতির ৭ সন্তান রয়েছে।

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মাহাথিরকে কাঁদতে কাঁদতে দেশটির সাবেক রাজার কাছে বলতে দেখা যায়, “আমি আশা করিনি তিনি আজ মারা যাবেন।”

তার জানাজার সময় ধারণ করা ওই ভিডিও মাহাথিরের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। সূত্র: এএফপি