সৌদির আরামকোর তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৪, ২০২৬
সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
শনিবার হুতিদের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদের ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। সৌদি আরবের রাজধানী ছাড়াও ইয়েমেনের সানা ও অন্যান্য প্রদেশে চালানো হামলার জবাব দিতেই এই অভিযান।
তবে হুতিদের দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশে আগুন ও ধোঁয়ার বড় কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।
তবে ওই আগুনের সঙ্গে হুতিদের হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আরামকোর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হচ্ছে। হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর এবং দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন বাহিনীও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
























