গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারগ্যাস নিক্ষেপ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৩, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কিছু শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর থেকে সড়ক ও মহাসড়কের কোথাও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে থাকায় মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার গাড়ি কম চলছে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। অল্প কিছু কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে। কয়েক দিনের অব্যাহত শ্রমিক অসন্তোষের ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এসব মামলায় প্রায় ৪ হাজার আসামি করা হয়েছে।