মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, দায় অস্বীকার হুতির

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৬

মক্কা ও মদিনা অঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর শনিবার জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তারা জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।

এর আগে সম্ভাব্য বিপদের আশঙ্কায় মক্কাসহ পশ্চিম সৌদি আরবের ৪টি প্রদেশে সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

তবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “সৌদি শত্রুপক্ষ আমাদের বাহিনী কর্তৃক মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানোর যে প্রচার চালাচ্ছে, তা এক চরম ও বিশাল মিথ্যাচার।”

এর কয়েক ঘণ্টা আগে হুতিরা দাবি করে, শুক্র ও শনিবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে তারা। এসব স্থাপনার মধ্যে ৩টি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন ও একটি বিমানঘাঁটি রয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, “রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দাম্মাম ও নাজরানের বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”

ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্ট গার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সূত্র: এনডিটিভি