মারিয়া সালামের উপন্যাস ‘কুটিল সওদাগর ও জাদুর আয়না’

পর্ব-১

প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৬

অনেকদিন আগের কথা। এক দেশে এক মহাপরাক্রমশালী আন্তর্জাতিক কুটিল সওদাগর ছিল। কুটিল কারবার করেই সে কাঁড়ি কাঁড়ি সোনার মোহর কামিয়েছিল। তার ধনসম্পদের অন্ত ছিল না। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রত্নভাণ্ডারে মণিমুক্তা, আর মাথার ওপর সোনার চূড়া বসানো সাতমহলা প্রাসাদ। দাসদাসীর অভাব ছিল না, সুখ-স্বাচ্ছন্দ্যেরও কমতি ছিল না।

তবু হায়! এত কিছুর পরেও সওদাগরের মনে সুখ ছিল না। রাতের ঘুম ছিল না, দিনের শান্তি ছিল না। বুকের ভেতরটা কেমন যেন হু-হু করত।

এর একটা বড় কারণ ছিল তার প্রাসাদের উত্তর দিকের ঘরে রাখা এক জাদুর আয়না। সকালে ঘুম থেকে উঠে যখন সে আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় ফুটে ওঠে তার কুশ্রী মুখ। নিজের চেহারা দেখে সওদাগরের মনে আর শান্তি নাই। রাগে-দুঃখে মাঝে মাঝে তার মনে হতো, আয়নাটা আছড়ে ভেঙে ফেললেই ঝামেলা চুকে যায়। কিন্তু আয়না ভাঙা তো সমাধান নয়, দেশের মানুষ তো আর অন্ধ নয়।

অবশেষে নিরুপায় হয়ে সে ছুটল মহাজাদুকরের দরবারে। মহাজাদুকরকে কুর্নিশ করে সে বলল, ‘হে মহাজাদুকর, তোমার পায়ে পড়ি। আমার ধন আছে, মান আছে, প্রতিপত্তি আছে; শুধু নেই কোনো শ্রী। তোমার জাদুর দয়ায় আমাকে একটু রূপবান করে দাও।’

মহাজাদুকর মুচকি হেসে তার দিকে তাকালেন। তারপর এক মুঠো ধুলো, কয়েক ফোঁটা শিশির আর এক চিমটি চাঁদের আলো নিয়ে কী এক মন্ত্র পড়লেন। অমনি সওদাগরের মুখখানা ঝলমল করে উঠল। গাল হলো গোলাপের পাপড়ির মতো, নাক হলো টিয়াপাখির ঠোঁটের মতো, চোখে ফুটে উঠল হরিণীর চাউনি।

আহা! কী সুন্দর চেহারা!

কিন্তু বিপত্তি ঘটল সেই জাদুর আয়নার সামনে গিয়ে। সওদাগর আয়নায় মুখ রাখতেই আয়না বলে উঠল, ‘চেহারায় রং চড়েছে বটে, কিন্তু মনের কালিমা যে মুখের কোণে কোণে লেগে আছে! সে দাগ ধোবে কোন জলে?’

সওদাগর সেদিন থেকে আয়নার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। তারপর সে দেশ-বিদেশে ঘুরে বেড়াতে লাগল। কখনো সোনার পঙ্খীরাজে চড়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যায়, কখনো অচিন দেশের সুন্দরী রাজকন্যাদের সঙ্গে সুরার পেয়ালা হাতে বিকেল থেকে সন্ধ্যা কাটায়। কোথাও তার অভাব নেই, কোথাও তার অমর্যাদা নেই। রাজা-বাদশাহেরা তাকে সেলাম ঠোকে, মন্ত্রীরা তাকে খাতির করে।

কিন্তু সন্ধ্যা পেরিয়ে যখন রাত নামে, আর সে প্রাসাদে ফিরে নিজের মুখখানা আয়নায় দেখে, তখনই তার বুকের ভেতর সেই পুরোনো অশান্তি জেগে ওঠে। গভীর রাতে প্রাসাদের জানালায় দাঁড়িয়ে সে বাইরের পৃথিবীর দিকে তাকায়। আর তাকিয়েই তার মাথায় যেন আগুন জ্বলে ওঠে।

কী সুন্দর দেশ! মাঠের পর মাঠ সোনালি ধানে ভরা, পুকুরে পুকুরে রুপোলি মাছের খেলা। গাছে গাছে রঙিন ফুল, শাখায় শাখায় হীরামন পাখির কিচিরমিচির। রাস্তা সোনায় বাঁধানো, পুকুরের ঘাট মর্মর পাথরে শান দেওয়া। ঘরে ঘরে খাবারের থালা সাজানো, মানুষ রুপার পালঙ্কে ঘুমায়, অবসরে সোনার পঙ্খীরাজে চড়ে বেড়ায়।

প্রজাদের মুখে হাসি, শিশুদের চোখে স্বপ্ন, বৃদ্ধদের কণ্ঠে গান। কোথাও অভাব নেই, কোথাও হাহাকার নেই। এসব দৃশ্য দেখে সওদাগরের মুখ কালো হয়ে যায়।

সে মনে মনে বলে, এ কী সর্বনাশ! এত সম্পদ, এত সুখ, এত সমৃদ্ধি! তাহলে আমার কদর কোথায়? এতকাল মানুষ আমাকে মান্য করেছে আমার ধন দেখে, আমার সম্পদ তাদের ভুলিয়ে দেয় আমার কুশ্রী চেহারা। কিন্তু সবার ঘরে যদি সোনা থাকে, সবার উঠোনে যদি মাছভরা পুকুর থাকে, সবার মাথার ওপর যদি সুখের ছাদ থাকে, তবে আমাকে আর তারা কদর করবে কেন? আমার দিকে তাকিয়ে তখন সবাই কেবল মুখ ফিরিয়েই নেবে।

উপায় তবে কী? অনেক ভেবেচিন্তে সে এক ভয়ংকর বুদ্ধি আঁটল। দেশটাকে এমনভাবে ভাঙতে হবে, যাতে এই সুখ-শান্তি আর না থাকে। সোনার রাস্তা থাকবে না, পুকুরের ঘাট থাকবে না, মাছ থাকবে না, পাখি থাকবে না। মানুষের মুখের হাসি মুছে গেলে, থলের স্বর্ণমুদ্রা কমে গেলেই কেবল তার জায়গা থাকবে সবার ওপরে। কিন্তু একা একা তো আর এমন মহাযজ্ঞ করা যায় না! চাই সৈন্য, চাই সঙ্গী, চাই এমন একদল মানুষ, যাদের দিয়ে নিজের মনের বিষ ঢেলে দেওয়া যায় সারা দেশে।

তাই সে ভৃত্যদের হুকুম দিল, ‘যাও, খুঁজে আনো রাজ্যের যত কদাকার মানুষ। তবে শুধু চেহারায় কুশ্রী হলেই চলবে না। তাদের মনেও থাকতে হবে লোভ, মাথায় থাকতে হবে কুশিক্ষা, আর বুকের মধ্যে জমে থাকতে হবে হীনম্মন্যতা ও হতাশা। যারা নিজেরা কিছু গড়তে জানে না, কিন্তু অন্যের গড়া ভাঙতে ওস্তাদ—তাদেরই চাই আমার।’

সওদাগর আরও বলল, ‘প্রথমে তাদের সোনার মোহর দেখাবে। তাদের মনের সব রাগকে আগুন বানাবে, লোভকে করবে অস্ত্র, আর হতাশাকে করবে যুদ্ধের ঢোল।’

তারপর শুরু হলো লোক খোঁজার পালা।

দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, পাহাড় থেকে সমতল, নগর থেকে বন্দর—সর্বত্র ছুটে গেল সওদাগরের চর-অনুচরেরা। যারা মনের দিক থেকে অন্ধকার, যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, যারা নিজের অক্ষমতার দায় অন্যের ঘাড়ে চাপায়, যারা লোভের কাছে বিবেক বিকিয়ে দিতে পারে—তাদের একে একে খুঁজে বের করা হলো। কেউ পেল সোনার মোহর, কেউ পেল রুপার থলি, কেউ পেল ক্ষমতার লোভ, কেউ পেল ভবিষ্যতে বড় পদে বসার প্রতিশ্রুতি।

তারপর একদিন তাদের সবাইকে ডেকে আনা হলো সওদাগরের গোপন প্রাসাদে। সেখানে চলল গোপন সভা, রাতের পর রাত প্রশিক্ষণ, ফিসফিস করে ষড়যন্ত্র আর ধ্বংসের মহড়া।

কাজটি সহজ ছিল না। মানুষ জড়ো করতে হয়, তাদের ক্ষেপিয়ে তুলতে হয়, মনের মধ্যে বিষ ঢালতে হয়, হাতে অস্ত্র তুলে দিতে হয়। এ কাজে খরচ হলো লক্ষ লক্ষ, কোটি কোটি স্বর্ণমুদ্রা। তবু সওদাগর পিছু হটল না। তার এক কথা—‘ধনসম্পদ আবার কামানো যাবে, কিন্তু হারানো আধিপত্য আর ফিরে পাওয়া যাবে না।’

দিন যায়, মাস যায়, বছর যায়। সওদাগরের গোপন বাহিনী ক্রমে ফুলে-ফেঁপে উঠতে লাগল। তাদের চোখে তখন আর মানুষের মুখ নেই, কানে আর মানুষের কান্না পৌঁছায় না। তারা শুধু জানে, ভাঙতে হবে, জ্বালাতে হবে, লুটতে হবে। অবশেষে একদিন সওদাগর তার সোনার সিংহাসনে বসে ঘোষণা করল, ‘সময় হয়েছে! এবার নামো রাস্তায়!’

অমনি তার সৈন্যদল ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ল। দেশের যত লোভী, হিংসুক, কদাকার আর বিবেকহীন মানুষ, সোনার মোহরের লোভে তারা সবাই নেমে এল রাজপথে। প্রথমে ভাঙল সোনায় বাঁধানো রাস্তা। তারপর একে একে গুঁড়িয়ে দিল মর্মর পাথরের শানবাঁধানো ঘাট। পুকুরের মাছ লুটে নিল, গাছের ডালে বসে থাকা হীরামন পাখিদের মেরে ফেলল। ফুলের বাগান পুড়িয়ে দিল, ঘরের দরজা ভাঙল, সাজানো খাবারের থালা লাথি মেরে ফেলে দিল।

যে হাতে একদিন ঘর বাঁধার কথা ছিল, সে হাতে উঠল ভাঙার হাতুড়ি। যে কণ্ঠে গান গাওয়ার কথা ছিল, সে কণ্ঠে উঠল ধ্বংসের হুঙ্কার। এই মহাধ্বংসযজ্ঞের নাম দেওয়া হলো—‘নতুন দেশ গড়ার আন্দোলন’। চলবে