যুদ্ধের প্রভাবে না খেয়ে থাকছে ইরানের বহু মানুষ: মাসুদ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও অর্থনৈতিক চাপে ইরানে বহু মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নিজের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “এই সমাজে এমন অনেক মানুষ আছে, যারা আমাদের জড়িয়ে পড়া যুদ্ধ এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পরিবারের জন্য খাবার জোগাড় করতে লড়াই করছে। বর্তমান পরিস্থিতি যুদ্ধও নয়, শান্তিও নয়। আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।”
ইরানের ওপর সামরিক অভিযান কমিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ওয়াশিংটন চাপ ও হুমকি বন্ধ না করলে শান্তি আলোচনা সফল হবে না বলে জানিয়ে আসছেন ইরানের নেতারা।
ইরানে নতুন করে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক পডকাস্ট উপস্থাপক মারিও নওফলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “চলতি সপ্তাহেই ইরানে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।”
ব্যারাক সিরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ইরানবিষয়ক নীতিনির্ধারণে তার সরাসরি কোনো ভূমিকা নেই। সূত্র: সিবিএস নিউজ
























