স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২৬ থেকে ৩০ অক্টোবরের এ সফরে স্পেনের সেভিলে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’ উদ্বোধনের পাশাপাশি দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করবেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্যে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশ সফরকালে তিনি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে প্রতিমন্ত্রী ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন।
‘দৃঢ়তর অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোটির উদ্যোক্তা হলো ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।
স্পেন সফর শেষে শামা ওবায়েদ ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন। যুক্তরাজ্যে তার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অন্বেষণ করা।
এ সফরগুলো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন।
























