কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৬

কলকাতার একটি মুসলিম অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে পাইপলাইনে পানীয় জল সরবরাহ বন্ধ রাখার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তিনি।

আজ শনিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে লেখা চিঠির অনুলিপি প্রকাশ করেন সমীরুল ইসলাম।

তার অভিযোগ, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতি নগর কলোনিতে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বাসিন্দারা রাজনৈতিক ও ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছে।

স্থানীয়ভাবে মোল্লাপাড়া নামে পরিচিত জ্যোতিনগর কলোনিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। বাসিন্দাদের অভিযোগ, ২৯ জুলাই থেকে সেখানে নিয়মিত পাইপলাইনের পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রান্না, পানীয় জল সংগ্রহ, গোসলসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভোগান্তিতে পড়েছে তারা।

পানি সংকট মোকাবিলায় স্থানীয় সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ট্যাংকারের মাধ্যমে পানি সরবরাহ করা হলেও তা বাসিন্দাদের চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে অভিযোগ রয়েছে।

সমীরুল ইসলাম চিঠিতে লিখেছেন, নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানুষের মৌলিক অধিকারের অংশ। দীর্ঘদিন ধরে কোনো এলাকার বাসিন্দাদের পর্যাপ্ত নিরাপদ পানি থেকে বঞ্চিত রাখা কেবল নাগরিক পরিষেবার ব্যর্থতার বিষয় নয়; এটি মানুষের স্বাস্থ্য, মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকারের সঙ্গেও সম্পর্কিত।

তার অভিযোগ, জ্যোতিনগর কলোনির মুসলিম বাসিন্দাদের রাজনৈতিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে ধর্মীয় পরিচয়ের কারণে পরিকল্পিতভাবে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চিঠিতে সমীরুল ইসলাম জাতিসংঘের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পানি সরবরাহ বন্ধের কারণ জানতে চাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাসিন্দাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, সংকটের স্থায়ী সমাধানে তাদের পরিকল্পনা কী এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখার অনুরোধ করেছেন।

দীর্ঘদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি না পাওয়ায় বাসিন্দাদের মধ্যে জনস্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ওই সংসদ সদস্য। বিশেষ করে শিশু, বয়স্ক ও দরিদ্র পরিবারের সদস্যরা পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়তে পারেন।

সমীরুল ইসলাম লেখেন, কলোনির বাসিন্দারা বিশেষ কোনো সুবিধা বা বাড়তি সরকারি সহায়তা চাইছেন না। তাদের দাবি, দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপদ পানীয় জলের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

পানি সরবরাহ বন্ধের অভিযোগের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনো তদন্ত শুরু করেছে বা আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।